টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার ভাইয়ের বিরুদ্ধে শুধু হত্যাই নয়; জমি দখল, চাঁদাবাজি, অপহরণ ও মাদকের জোগানদাতার অভিযোগও উঠেছে। পুলিশ সদর দপ্তর ও পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো দুটি প্রতিবেদনে এসব অভিযোগের কথা রয়েছে।
এই চার ভাই সাংসদ আমানুর রহমান খান (রানা), পৌর মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) বর্তমানে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত ও বিতর্কিত। জাহিদুর রহমান টাঙ্গাইল চেম্বার অব কমার্স এবং বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি।
প্রতিবেদনে জাহিদুর রহমানের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলা হয়েছে, এসব কারণে টাঙ্গাইল জেলার সর্বস্তরের মানুষের কাছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, তিনি প্রতিবেদনগুলো দেখেছেন। কী ব্যবস্থা নেবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো দেখছি। যারাই অপরাধ করবে, দুষ্কর্ম করবে, অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
দখল ও চাঁদাবাজি: পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের জুনে জাহিদুরের নির্দেশে টাঙ্গাইলের জগন্নাথ জলফৈ গ্রামের আবদুল খালেক মাসুদ নামের এক ব্যক্তির ভোগদখল করা ৪০ শতাংশ জমি, সদর উপজেলা অফিসের পাশে অশোকপুর নামক স্থানে পাকা মার্কেট দখল করা হয়। এ সময় শ্রমিক লীগের ৪০-৫০ জন কর্মী মার্কেটটি ভাঙচুর করেন। দখল করা স্থানে বাঁশের বেড়া দিয়ে ‘ক্রয়সূত্রে এই জমির মালিক জাহিদুর রহমান খান কাকন’ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
পরে যুবলীগের মোরশেদের মাধ্যমে মধ্যস্থতা করে ২৫ লাখ টাকার বিনিময়ে খালেকের জায়গা খালেককে পুনরুদ্ধার করে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ওই চাঁদার টাকা পরিশোধের জন্য গত ২৬ জুন ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার খালেক মাসুদের ব্যাংক হিসাব থেকে ২০ লাখ টাকা এবং একই তারিখে সোনালী ব্যাংক মহিলা শাখার তাহমিনা আক্তারের ব্যাংক হিসাব থেকে পাঁচ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা চাঁদা হিসেবে জাহিদুর রহমানের বাসায় পৌঁছে দেওয়া হয়।
হত্যা: ২০১১ সালের ১ নভেম্বর টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডে সিটি ইলেকট্রনিকের দোকানে সাদিকুর রহমান দীপু সন্ত্রাসীর গুলিতে মারা যান। দীপু ও এই হত্যাকাণ্ডের সহযোগীরা জাহিদুরের ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন বলে প্রতিবেদনে বলা হয়। টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে।
২০১২ সালের ২৪ অক্টোবর নতুন বাসস্ট্যান্ড এলাকা দখলে নেওয়ার জন্য এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীবকে মারধরের প্রতিশোধ নেওয়ার জন্য জাহিদুর রহমানের নির্দেশে ওষুধের দোকানদার শাহিন সিকদারকে হত্যা করা হয়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি খুন হন জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ। এর কারণ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শাহজাহানের মৃত্যুর পর বর্তমান সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান সভাপতি হিসেবে আলোচনায় আসেন। এ সময় ফারুক সাধারণ সম্পাদকের পদটি চান। অন্যদিকে সহিদুর রহমানও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক ছিলেন। এ নিয়ে রেষারেষির একপর্যায়ে জাহিদুরের ইঙ্গিতে ফারুক আহমেদকে হত্যা করা হয়।
২০১৩ সালের জুনে টাঙ্গাইলে বালু ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদুরের নির্দেশে যুবলীগের মোরশেদ ও তাঁর সহযোগীদের নিয়ে সুপারি বাগান রোডে তুহিনকে পিটিয়ে হত্যা করা হয়।
প্রতিবেদনে ২০১৩ সালের ২৪ জুলাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে ওষুধের দোকানদার কবিরকেও জাহিদুরের নির্দেশে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বলা হয়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীবকে মারধর করার প্রতিশোধে কবিরকে হত্যা করা হয়েছে।
জাহিদুর পৌরসভার ঘারিন্দা রাস্তার পাশের জমি দখল করে শহীদ বাপ্পি নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ওই জমি দখলে বিল ঘারিন্দা গ্রামের আজম বাধা দেওয়ায় জাহিদুর আর ক্লাব প্রতিষ্ঠা করতে পারেনি। এ ছাড়া বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং ক্লাব ব্যর্থতার জের ধরে জাহিদুরের নির্দেশে তাঁর ভাই সানিয়াত, সোহেল ও রাসেল গত ১ এপ্রিল আজমকে গুলি করে হত্যা করেন।
যৌনপল্লি উচ্ছেদ ও দখল: গত ১৪ জুলাই মেয়র সহিদুর ও তাঁর ভাই জাহিদুর টাঙ্গাইলের ৬৮টি যৌনপল্লির বাড়ির মালিকদের নিয়ে গোপন বৈঠক করেন। ওই বৈঠকের পর যৌনপল্লির মালিকেরা তাঁদের ঘরবাড়ি অপসারণ করেন। প্রতিবেদনে বলা হয়, খান পরিবারের চার ভাইয়ের পেশিশক্তির ভয়ে বাধ্য হয়ে যৌনকর্মীরা ঘরবাড়ি ছেড়ে যান।
এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে বলা হয়, জাহিদুর ও তাঁর ভাই সহিদুর ওই যৌনপল্লির চার-পাঁচ বিঘা জমি দখল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে শহরের আলেম, ওলামা, ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ গঠন করেন। এরপর আন্দোলনের মাধ্যমে যৌনপল্লি উচ্ছেদের উদ্যোগ নেন।
১২ জুলাই জাহিদুর ঘরমালিকদের ডেকে এনে দুই দিনের মধ্যে যৌনপল্লি থেকে তাঁদের ঘর সরিয়ে নিতে সময় বেঁধে দেন। এ ছাড়া মেয়র সহিদুর ও জাহিদুরের সমর্থকেরা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাসিন্দাদের পল্লি ছেড়ে যেতে বাধ্য করেন।
পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রতিবেদনেও চার ভাই সম্পর্কে একই অভিযোগ করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই জাহিদুর ও ৫ আগস্ট সহিদুর যুক্তরাজ্যে যান। এ ছাড়া ৭ আগস্ট সানিয়াত থাইল্যান্ড সফরে যান। প্রতিবেদনে বলা হয়, খান পরিবারের সদস্যরা কেউ বিদেশে গেলেই খুনের ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি ও ছাত্রদলের দুজন কেন্দ্রীয় নেতার সঙ্গে জাহিদুরের গোপন ব্যবসাও রয়েছে। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলেও চার ভাইয়ের কাউকেই পাওয়া যায়নি।
জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনে অনেক বিষয় আসে, অনেক গোপন বিষয় থাকে, যেটা আমরা নিশ্চিতভাবে জানি। কিন্তু বাদী বা সাক্ষী না থাকার কারণে অনেক সময় ব্যবস্থা নেওয়া যায় না। তবে কিছু সুনির্দিষ্ট মামলার সাক্ষ্যপ্রমাণ আমাদের কাছে আছে। যে কারণে আমরা জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’