টাঙ্গাইল–৭ আসনের উপনির্বাচন কাল, ইভিএম বিতরণ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন এ উপজেলার ভোটাররা। কাল রোববার এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ শনিবার ১২১টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ইভিএম বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আজ সকালে মির্জাপুর সরকারি কলেজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর কার্যক্রম শুরু হয়। এরপর প্রিসাইডিং কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যন্ত্রপাতি নিয়ে ট্রাক অথবা পিকআপ ভ্যানযোগে সংশ্লিষ্ট কেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছেন। বেলা তিনটা পর্যন্ত এ কার্যক্রম চলেছে বলে জানা যায়।
উপজেলার ভাওড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও মির্জাপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম তিনি সংগ্রহ করেছেন। এসব সরঞ্জামের সঙ্গে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, গতকাল শুক্রবার উপজেলার সব কেন্দ্রে পরীক্ষামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হচ্ছে। কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের দিন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি, র্যাবের মোবাইল টিম, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।