টানা ছয়বার ইউপি চেয়ারম্যান হলেন সুরুজ মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম সুরুজ মিয়া
সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) টানা ৬ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন এম সুরুজ মিয়া। তিনি ভুবনকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৬ হাজার ৪১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী এম সুরুজ মিয়া। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রমজান আলী (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ২৩ বছর বয়সে ভুবনকুড়া ইউপিতে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এম সুরুজ মিয়া। এরপর তিনি টানা ৩০ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি হালুয়াঘাটের কডইতলী স্থলবন্দরের আমদানিকারক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

ফল ঘোষণার পর সুরুজ মিয়া বলেন, ‘আমার প্রতি দলের আস্থা ও মানুষের ভালোবাসা আছে। ভোটাররা বারবার আমাকে নির্বাচিত করেন। আমি তাঁদের ভালোবাসা ও বিশ্বাস রক্ষায় কাজ করে চলেছি। আমি সব ভোটার ও দলের নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় সাধারণ মানুষের বিজয়।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে জুগলী ইউপিতে ছামাদুল ইসলাম, গাজীর ভিটাতে আবদুল মান্নান, ধারা ইউপিতে তোফায়েল আলম ও ধুরাইলে ওয়ারিছ উদ্দিন জয়ী হয়েছেন। তাঁরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বদেশী ইউপিতে মো. ইরাদ হোসেন সিদ্দিকী, নড়াইলে আনোয়ার হোসেন জয় পেয়েছেন। স্বতন্ত্র হিসেবে বিলডোরা ইউপিতে সাবজাল হোসেন খান, সাকুয়াইতে ইউনুস আলী খান ও আমতৈলে শফিকুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ বলেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। ১০ ইউপিতে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।