টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
টানা তিন দিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকাল থেকে কুয়াশা কম থাকায় সূর্যের দেখা মিলেছে।
কয়েক দিন বিরতির পর গত বৃহস্পতিবার বিকেল থেকে পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। গত বৃহস্পতি ও শুক্রবার রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। সকাল পর্যন্ত এ কুয়াশা স্থায়ী ছিল।
শুক্রবার দিনে মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও রোদের তীব্রতা ছড়াতে পারেনি। গতকাল শনিবার সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হলেও সকাল আটটার পর থেকে সূর্যের মুখ দেখা গেছে। এরপর দিনভর মেঘমুক্ত আকাশে রোদের তীব্রতা থাকায় দিনের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দিবাগত রাতে ঝিরঝিরে হিমেল বাতাস থাকলেও কুয়াশার দাপট ছিল না। তাই আজ সকালের শুরুতেই সূর্যের দেখা পাওয়া গেছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তীব্রতাও বাড়ছে। এতে কিছুটা হলেও এই জনপদের খেটে খাওয়া মানুষ স্বস্তি পেয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, বর্তমানে এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল থেকে তেঁতুলিয়ার আকাশে মেঘ আর কুয়াশা কমে গেছে। হালকা বাতাস থাকলেও সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। গতকালও দিনভর রোদ ছিল। এভাবে দিনভর রোদ থাকলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বেশি ব্যবধান সৃষ্টি হবে। এতে মানুষ স্বস্তি পাবে।