টানা নয় বছর পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছেন। এবার মেয়েদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। অন্যদিকে বোর্ডের শতভাগ পাসের তালিকায় নেই বগুড়ার সেরা কলেজগুলো।
বোর্ডে ৬৩ হাজার ৭০৬ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৬ হাজার ৩১৮ জন। ৫২ হাজার ৭৪ জন মেয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭১। মেয়েদের ৭৮ দশমিক ৭০। গতবার ছেলেদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৯। মেয়েদের ছিল ৮০ দশমিক ৬৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৯৩ জন মেয়ে। গত বছর পেয়েছিলেন ২ হাজার ৩৮৫ জন। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি মনোযোগী। এ জন্য ধারাবাহিকভাবে তাঁরা পাসের হারে এগিয়ে থাকছেন।
শতভাগ পাস নেই বগুড়ার সেরা কলেজগুলোয়: এদিকে বোর্ডে শতভাগ পাসের তালিকায় নেই বগুড়ার সেরা কলেজগুলো। সরকারি আজিজুল হক কলেজ থেকে ১ হাজার ৬৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৬৩০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৪৩।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৬৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৬০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩০৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৬৫।
বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৭২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৬৩। জিপিএ-৫ পেয়েছেন ১২৯ জন। কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, সামনের বার হারানো সাফল্য পুনরুদ্ধারের চেষ্টা থাকবে।
পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩১২ জন পাস করেছেন। পাসের হার ৯৯ দশমিক ৬৮। গতবার ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছিলেন।
তবে টানা দুই বছর শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ। এবার প্রতিষ্ঠানটি থেকে ৩৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন। গতবার ৩০১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ১১৭ জন।
মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
নতুন প্রতিষ্ঠান হিসেবে ভালো করেছে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মতো ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২২ জন।