টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গন্তব্যে ছুটছেন খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায়
ছবি: রাজিউর রহমান

টানা পাঁচ দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছেন উত্তরের খেটে খাওয়া মানুষ।

গত কয়েক দিনের তুলনায় আজ তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। ছিল কুয়াশার দাপটও। উত্তরের ঝিরঝিরে হিমেল বাতাসে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। সকাল সোয়া ১০টায় সূর্যের দেখা মিললেও দুপুর ১২টা পর্যন্ত উত্তরের বাতাস অব্যাহত থাকায় ছড়াতে পারেনি রোদের তীব্রতা।

গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। হিমেল বাতাস দিনের চেয়ে রাতেই বেশি অনুভূত হয়। দিনে সূর্যের তাপে বেড়ে যায় সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক সলেমান আলী বলেন, গতকাল সকালে রোদ উঠেছিল। কিন্তু আজ সকাল ৯টা বাজলেও রোদের দেখা নেই। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। তারপরও সকালে ভ্যান নিয়ে বের হয়ে দেখি বাইরে লোকজন খুব কম।

তালমা নদীর পাথরশ্রমিক বকুল হোসেন বলেন, বাতাস আর কুয়াশায় হাত-পা জড়ো হয়ে আসে। সকালে নদীতে নেমে পাথর তোলা যায় না। রোদ না উঠলে তাঁদের আয় কম হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বর্তমানে এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সাইবেরিয়া থেকে বয়ে আসা বাতাস হিমালয়ে ধাক্কা খেয়ে সরাসরি তেঁতুলিয়া ঢুকছে। এতে এই এলাকায় শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। তবে আজ সকালে ঘন কুয়াশা থাকায় হিমেল বাতাস কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এতে গতকালের চেয়ে আজকের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সূর্য উঠলেও বাতাসের পরিমাণ বেশি থাকায় সারা দিনই শীত অনুভূত হবে।