টানা বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা বন্দরসহ তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ছয় দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। পুরো উপকূলসহ মোংলা বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১৬টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে চলতি অমাবস্যা তিথির প্রভাবে মোংলা ও পশুর নদের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থান করছেন।
মোংলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। বেড়ে যায় বাতাসের গতিবেগ, শুরু হয় দুর্যোগপূর্ণ আবহাওয়া। এ অবস্থায় আবহাওয়া অফিস মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলে। মোংলায় ১৫ আগস্ট থেকে শুরু করে শুক্রবার দিনভর সূর্যের দেখা পাওয়া যায়নি। এ রকম আবহাওয়া আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সরেজমিনে দেখা যায়, একটানা ভারী বৃষ্টিপাতের কারণে মোংলা পৌর শহরের পূর্ব কবরস্থানের কাজী সামছুল হক সড়ক, মিয়াপাড়া, মুন্সীপাড়াসহ শহরতলির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি আটকে ঢুকে পড়ছে ঘরবাড়িতে। এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় কোথাও কোথাও দুই ফুট পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা নদীর ফেরিঘাটসহ আশপাশের নিচু এলাকাও তলিয়ে গেছে। পানি বাড়ায় ফেরিঘাটের পন্টুন ও রাস্তা তলিয়ে যাওয়ায় ফেরি ভিড়তে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। জোয়ারের সময় ঝুঁকি নিয়ে চলছে ফেরি ও যানবাহন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন জানান, সাগরে লঘুচাপের ফলে বন্দরসহ এর আশপাশ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। মোংলা বন্দরে সার ও ফ্লাইবাহীসহ ১৬টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এ ছাড়া বন্দরে নতুন একটি বাণিজ্যিক জাহাজ এসে ভিড়েছে, ৫টি জাহাজ বন্দর ছেড়ে গেছে। থেমে থেমে বৃষ্টির কারণে এ বন্দরের পশুর চ্যানেলে ও হারবাড়িয়ায় অবস্থান করা সব জাহাজ থেকে পণ্য খালাস-বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। তবে বন্দরের জেটিতে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সমুদ্র উত্তাল থাকায় গভীর সমুদ্র এবং সুন্দরবনের বিভিন্ন নদীতে অবস্থানকারী মাছ ধরার ট্রলারসহ কয়েক শ জেলে সুন্দরবনসংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।