টানা সাতবার চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা সাতবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল আলীম। দেশে দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা সাতবার চেয়ারম্যান হওয়ার রেকর্ড করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবদুল আলীম সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৩১৯ ভোট। তাঁর কাছের প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৯৭ ভোট। সাতক্ষীরার সদর উপজেলায় ১৩টি ইউপিতে বিজয়ী চেয়ারম্যানদের মধ্যে আবদুল আলীম সবচেয়ে বেশি ভোটে বিজয়ী হয়েছেন।
আবদুল আলীম বলেন, ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো লাবসা ইউপি থেকে সাধারণ মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। সেই থেকে টানা সাতবার চেয়ারম্যান নির্বাচিত হলেন। এবারের নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ছিল না। তবে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের সঙ্গে ভোটযুদ্ধে জনসাধারণ যে ভালোবাসায় তাঁকে সিক্ত করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।
লাবসা ইউনিয়নের নিভৃত পল্লি খেজুরডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। জামিদার ও ইতিহাস–ঐতিহ্যের উপশহর লাবসা ইউনিয়নের মানুষের জনপ্রিয় জনপ্রতিনিধি তিনি। ভবিষ্যতে এলাকার জলাবদ্ধ দূর করা প্রধান কাজ হবে বলে উল্লেখ করেন নবনির্বাচিত সাতবারের চেয়ারম্যান আবদুল আলীম।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, পরপর সাতবার চেয়ারম্যান নির্বাচিত যেই হোক না কেন, এটা তাঁর জনপ্রিয়তার ফল। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়নি। আবদুল আলীম ব্যক্তিগতভাবে নির্বাচন করেছেন। তাঁর এই ফল অবশ্যই ইতিবাচক।