টানা ৯ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়
ফাইল ছবি

এবার হেমন্তের শুরু থেকেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা নয় দিন ধরে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

আজ সোমবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২৪ অক্টোবর থেকে শুরু করে আজকে পর্যন্ত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনভর তীব্র রোদ থাকলেও সন্ধ্যা নামতেই চারদিকে ঢেকে যাচ্ছে কুয়াশায়, যা থাকছে ভোর পর্যন্ত। তবে দিনে প্রচণ্ড রোদ থাকায় দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তেঁতুলিয়ার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের এই জনপদে প্রতিদিন সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে শীত। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়া লোকজনকে হালকা শীতের কাপড় জড়িয়ে বের হতে দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ঝরতে থাকা কুয়াশায় রাতভর ঠান্ডা অনুভূত হচ্ছে।

হিমালয়ের খুব কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় দেরিতে। এমনকি শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে বলে বলছেন আবহাওয়াবিদেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, গত নয় দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে কুয়াশার কারণে রাতের তাপমাত্রা কম থাকলেও দিনে রোদের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।