‘টানাটানির সংসারে করোনা ছোবল বসিয়েছে’
আছকান মিয়া (৩৫) করতেন রাজমিস্ত্রির কাজ। দিন শেষে যা পেতেন, তা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে চারজনের সংসার কোনোমতে টেনেটুনে চালিয়ে নিতে পেরেছেন। তেমন একটা সমস্যা হয়নি। কিন্তু করোনার ছোবল তাঁর সেই টানাটানির সংসারে কঠিন দাঁত বসিয়েছে। করোনা বিধিনিষেধের কারণে কাজ নেই। একেবারেই থমকে যায় দিন। সংসার আর চলে না।
আছকানের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের দীঘলগজি গ্রামে। কিছুদিন আগেও তিনি ছিলেন অন্য পেশায়। সেই পেশা বদলে তিনি এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। একটি বাইসাইকেলে করে কিছু পান-সিগারেট আর সিঙাড়া বিক্রিই এখন তাঁর রুটিরুজির অবলম্বন।
আজ সকালে মৌলভীবাজার শহরের কোর্ট রোডের শহীদ মিনারসংলগ্ন স্থানে আছকান মিয়ার সঙ্গে দেখা। এখানে ফুটপাথ ঘেঁষে বাইসাইকেল ঠেস দিয়ে রেখে টুকটাক পান-সিগারেট বিক্রি করছিলেন তিনি। বাইসাইকেলের পেছন দিকে বসার স্থানটিতে মাচার মতো করে একটি তাক লাগিয়েছেন। সেই তাকের ওপর বড় একটি টিনের বাক্স। সেই বাক্সের ভেতরেই তাঁর জিনিসপত্র থাকে। জিনিসপত্রের মধ্যে আছে পানের একটি বৌল। চুন-সুপারি রাখার বাটি। জর্দার কৌটা। বিভিন্ন জাতের সিগারেটের প্যাকেট। হোটেল থেকে কিনে নিয়ে আসা সিঙাড়া।
আছকান মিয়া বলেন, ‘লকডাউন-শাটডাউনে একেবারে রাস্তায় নামাই লাইছে (নামিয়ে দিয়েছে)।’
আছকান জানান, এই বাইসাইকেল তাঁর পুরোনো। রাজমিস্ত্রির কাজে বিভিন্ন স্থানে যেতে বেশ আগে তিনি এটি কিনেছিলেন। রাজমিস্ত্রির কাজে প্রতিদিন ৪০০ টাকা পেতেন। তাতেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালিয়েছেন। যদিও তখনো ভালোভাবে চলেনি। তবু আটকে তো যায়নি। করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ শুরু হলেও শুরুর দিকটিতে কোনোরকম চালিয়ে নিয়েছেন। টুকটাক কাজ ছিল। সঞ্চয় ছিল। এসব দিয়ে মোটামুটি চলে গেছে। কিন্তু সম্প্রতি সবশেষ কঠোর বিধিনিষেধ শুরু হলে কাজ হারিয়ে ফেলেন তিনি। দালান-কোঠা নির্মাণের কাজ কমে যায়। কী করবেন, কিছু তো করা দরকার। বেশ ভাবনার মধ্যেই পড়ে যান। বসে থাকলে সংসার তো আর চলবে না। তাঁর কথা, ‘আল্লাহ তো বলেন, কিছু একটা অছিলা করো।’
এই অছিলা করতেই মাথায় আসে প্রতিদিনের বাহন বাইসাইকেলটির কথা। এই বাইসাইকেলকে অবলম্বন করেই সাজিয়েছেন ভ্রাম্যমাণ দোকান। সামান্য পুঁজি নিয়ে মাসখানেক আগে একদিন নেমে পড়েন মাঠে। প্রতিদিন সকাল ছয়-সাতটার দিকে শহর থেকে প্রায় দু-তিন কিলোমিটার দূরের দীঘলগজি থেকে সাইকেল ঠেলে চলে আসেন মৌলভীবাজার শহরে। এতেও যে ঝামেলা নেই, এমন নয়। এখানেও প্রতিদ্বন্দ্বিতা আছে। ভেবেছিলেন, শহরে ঘুরে ঘুরে বিক্রি করবেন। কিন্তু শহরের যেখানেই দাঁড়ান, সেখানকার স্থায়ী দোকানের অনেকেই তাঁকে বাধা দেন। সেখান থেকে সরে যেতে বলেন।
একপর্যায়ে মৌলভীবাজার শহরের কোর্ট এলাকার স্টেডিয়াম রোডের মাথায় স্থান ঠিক করেছেন। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচাবিক্রি করেন। এখানেও বাধা এসেছে। স্থায়ী পান-সিগারেটের ব্যবসায়ীরা আপত্তি দিয়েছেন। সরে যেতে বলেছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলে একটা রফা করেছেন, ‘তোমরাও এলাকার। আমিও এই এলাকার। সবাই মিলেমিশে ব্যবসা করে কোনো রকম বাঁচি।’ তিনি জানিয়েছেন, প্রতিদিন সমান বিক্রি হয় না। কোনো দিন ২৫০। কোনো দিন ৩০০, সাড়ে ৩০০ টাকার বিক্রি হয়। পেশা বদল করেও ভালো নেই তিনি।
আছকান মিয়া প্রথম আলোকে বলেন, ‘পান-সিগারেট বেচি কয় টাকা আর টিকে। এতে যে লাভ হয়, তাতে সংসারের খরচ চালানোর অবস্থা নেই। আমার শ্বশুরের একটা বোমা মেশিন আছে ধান মাড়াইয়ের। বউ-বাচ্চার খরচটা তিনিই দেন। যে কারণে আপাতত কোনো রকম চলতে পারছি।’