টার্মিনাল নেই, ব্যবসায়ী ও শ্রমিকেরা ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের নামাবাজারের পাশে বংশী নদীর ওপর নির্মিত সেতুর ঢালে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে পণ্য নামানো হচ্ছে।  ছবি: প্রথম আলো
সাভারের নামাবাজারের পাশে বংশী নদীর ওপর নির্মিত সেতুর ঢালে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে পণ্য নামানো হচ্ছে। ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার কাছে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যের বড় মোকাম সাভারের নামাবাজার। বংশী নদীর তীরে গড়ে ওঠা এই বাজারে পণ্য আনা-নেওয়ার কাজে প্রতিদিন কয়েক শ ট্রাক চলাচল করে। কিন্তু এসব ট্রাকের জন্য বাজার বা বাজারের আশপাশে কোনো টার্মিনাল নেই। ফলে ট্রাকে পণ্য ওঠাতে–নামাতে ব্যবসায়ী ও ট্রাকশ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার নামাবাজারে ছোট-বড় মিলিয়ে অন্তত চার হাজার ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া রয়েছে ৩২টি ডালের মিল, ২টি ময়দার মিল, ৬টি চিড়ার মিল, ৮টি মুড়ির মিল ও ১০টি তেলের মিল। এসব প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মালামাল পরিবহনের জন্য প্রতিদিন কয়েক শ পণ্যবাহী ট্রাক সাভারে আসে, সেখান থেকে কয়েক শ ট্রাক পণ্য নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। কিন্তু এসব ট্রাকে পণ্য ওঠানো–নামানোর জন্য সাভারে কোনো টার্মিনাল নেই। টার্মিনালের অভাবে বাজারের উত্তর, দক্ষিণ ও পূর্ব প্রান্তে সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে পণ্য ওঠাতে বা নামাতে হয়। ফলে ওই সব সড়কে দিন-রাত পণ্যবোঝাই ট্রাকের জট লেগে থাকে।

সাভার নামাবাজারের চাল, ডাল, তেল, মসলা, ভুসি, আটা, ময়দা, টিন, বীজ, মুড়ি, কলার আড়ত এবং মিষ্টি ও স্বর্ণপট্টি ঘুরে দেখা যায়, বাজারের ভেতরে সব রাস্তা সরু ও চলাচলের অনুপযোগী। দোকান ও গুদামগুলো এমন ঘিঞ্জি যে বাজারে একটি রিকশা-ভ্যান ঢুকলেই পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এ কারণে বাজারে ট্রাক ঢুকতে পারে না। 

বাজারের ভুসির ব্যবসায়ী ইভা এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব বলেন, সাভার বাজারে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক ভুসি নামে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানা থেকে এসব ভুসি ট্রাকে করে সাভারে নিয়ে আসা হয়। টার্মিনাল না থাকায় সড়কে দাঁড় করিয়ে রেখে ট্রাক থেকে ভুসি নামাতে হয়। তিনি বলেন, সড়কে পণ্যবাহী ট্রাকজটের কারণে একটি ট্রাক থেকে ভুসি নামাতে তিন থেকে চার দিন লেগে যায়। এ কারণে ট্রাকের চালকেরা সাভারে যেতে চান না। যাঁরা সব জেনেও সাভারে পণ্য পরিবহন করেন, তাঁরা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নেন। আবার সাভার থেকে আশপাশের জেলায় পণ্য সরবরাহের ক্ষেত্রেও একই ধরনের সমস্যায় পড়তে হয়। 

স্থানীয় ইউসুফ এন্টারপ্রাইজের মালিক ইউসুফ আলী বলেন, সাভার নামাবাজারে তাঁর একটি ডালের মিল আছে। এ জন্য প্রায় প্রতিদিনই তাঁকে খোসাযুক্ত ডাল মিলে আনতে হয়। আবার খোসা ছাড়িয়ে ওই ডাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে হয়। স্বাভাবিকভাবে এসব কাজ করতে বাজারের আশপাশে একটি ট্রাক টার্মিনাল দরকার। টার্মিনালের অভাবে ট্রাকে ডাল ওঠানো-নামানো বাধাগ্রস্ত হওয়ায় অনেক সময় তাঁর লোকসান গুনতে হয়।

আটা-ময়দার ব্যবসায়ী মোহাম্মদিয়া ট্রেডার্সের মালিক আবদুল জলিল বলেন, রাজধানীর পর বড় মোকাম সাভারের নামাবাজারে। এখানে সব ধরনের ব্যবসা রয়েছে। কিন্তু সে তুলনায় সুযোগ-সুবিধা খুবই কম। বাজারের ভেতরের রাস্তাগুলো খুবই সরু ও ভাঙাচোরা। এ কারণে পণ্যবাহী ট্রাক ভেতরে ঢুকতে পারে না। পণ্য আনা–নেওয়ার জন্য রিকশা-ভ্যান বা ট্রলির সাহায্য নিতে হয়। এ জন্য বস্তাপ্রতি ৫ টাকা করে ভাড়া দিতে হয়। এতে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

সাভার নামাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান বলেন, সাভার নামাবাজারের ব্যবসায়ীদের প্রধান সমস্যা ট্রাকে পণ্য ওঠানো-নামানো। সাভার পৌরসভার মেয়রসহ স্থানীয় প্রশাসনকে একাধিকবার এসব সমস্যার কথা জানানোর পরও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, পণ্য ওঠানো-নামানোর জন্য একটি ট্রাক টার্মিনালের ব্যবস্থা করা হলে পণ্য পরিবহনে সমস্যা কমে আসবে। বাজারের আশপাশে পর্যাপ্ত সরকারি জায়গা থাকার পরও টার্মিনাল নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এ প্রসঙ্গে সাভার পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, থানার সামনে বংশী নদীর তীরে সরকারি জায়গায় ট্রাক টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। লাখ দেড়েক টাকা খরচ করে কিছু বালু ও সুরকি ফেলা হয়েছিল। কিন্তু এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করায় তা সম্ভব হয়নি।