টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রংপুর জেলা সার্কিট হাউসে
ছবি: প্রথম আলো

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘ইদানীং দেখা যাচ্ছে টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়। এখন টিআইবি যেভাবে বিবৃতি দিচ্ছে, দেখা গেল যে, মধ্যরাতে টিটিই নিয়ে একটি ঘটনা ঘটেছে। সকাল বেলা টিআইবি খোঁজখবর না নিয়েই বিবৃতি দিয়ে দিল। টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। রিজভী আহমেদ যেমন ঘটনা ঘটার আগে লিখে রাখে, টিআইবিও মনে হচ্ছে কোনো কিছু হওয়ার আগে বিবৃতি লিখে রাখে।’

আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লায় এলডিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আগে গুলির ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ যে কাণ্ডটি ঘটিয়েছেন, এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিল, সেখানে তিনি গেছেন। তারপর একটি তরমুজ ছুড়ে মেরেছেন। সেটির প্রত্যুত্তরে তিনি গুলি ছুড়েছেন। এতে আমাদের দলের দুজন গুলিবিদ্ধ হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

সার্কিট হাউসে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী রংপুর টাউন হলে আয়োজিত রংপুরে কোতোয়ালি থানা-আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বিকেল পাঁচটায় সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান।