টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ল স্কুলছাত্র
রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথের কালুখালী উপজেলা অংশের কালিকাপুর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কিশোরের নাম আলহাজ হোসেন (১৫)। তার বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামে। আলহাজের বাবার নাম রেজাউল হোসেন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে রেলসেতুতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ওই কিশোর নিহত হয়েছে। আলহাজ আজ সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নেয়। এরপর সে বন্ধুদের সঙ্গে কালিকাপুর রেলসেতুতে গিয়ে টিকটক ভিডিও তৈরি করছিল। এ সময় সেখানে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে আলহাজের মৃত্যু হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলওয়ে এলাকায় এই দুর্ঘটনা হওয়ায় রেলওয়ে থানা-পুলিশ নিহত কিশোরের লাশ নিয়ে গেছে। রেলওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
জানতে চাইলে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন,রেলসেতু থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।