টিকা নিতে এসে মোটরসাইকেল খোয়ালেন এক ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের টিকা নিতে আসা নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে আজ রোববার দুপুরে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নলডাঙ্গা বাজারের এলজি ইলেকট্রনিক শোরুমের মালিক শাহিনুর রহমান তাঁর ডিসকভার ১৫০ (সিসি) মোটরসাইকেল (নাটোর ল-১১০৫৭৩) নিয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য তিনি এটি হাসপাতালের প্রধান ফটকে রেখে ভেতরে ঢোকেন। টিকা নেওয়ার পর ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে পান না। অনেক খোঁজাখুঁজি করে এটি না পেয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের কাজ শুরু করেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি তালাবদ্ধ ছিল না। তাই সহজেই কেউ এটি চুরি করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।