টিকা নিয়ে বাড়িতে ফেরা হলো না দশম শ্রেণির ছাত্রী ঊর্মির
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়ে বাড়িতে ফেরা হলো না দশম শ্রেণির ছাত্রী ঊর্মি আক্তারের (১৬)। বেপরোয়া গতির একটি ট্রাক্টর কেড়ে নিয়েছে তার প্রাণ। ঊর্মির এভাবে চলে যাওয়ায় কাঁদছে তার স্বজন ও সহপাঠীরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়কের কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঊর্মি আক্তার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের রতন মিয়ার মেয়ে। সে নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, করিমগঞ্জের জাফরাবাদ এলাকার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে কোভিড-১৯–এর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সহপাঠীদের সঙ্গে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল ঊর্মি। পথে কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়কে করিমগঞ্জ উপজেলার আয়লা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয় ঊর্মির অটোরিকশাটিকে। এ সময় সে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।