টিকাকেন্দ্র মানুষে ঠাসা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
নির্বাচন না হলেও পরিবেশটা ছিল ভোটকেন্দ্রের মতোই। ব্যাপক আগ্রহ নিয়ে কেন্দ্রে এসেছেন লোকজন। নারী-পুরুষের দীর্ঘ সারি। সারিতে থাকা লোকজনের মধ্যে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি চলছে। অথচ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই সারিতে দাঁড়ানোর কথা ছিল তাঁদের। কারণ, তাঁরা ভোট দিতে নয়, এসেছেন করোনার টিকা নিতে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদ ভবনে স্থাপিত করোনার টিকাকেন্দ্রের চিত্র এটি। এভাবে স্বাস্থ্যবিধি না মেনে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর কারণে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যাপক আগ্রহ নিয়ে কেন্দ্রে এলেও অনেককে টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে। কিছু কিছু কেন্দ্রে জেলা যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ওই কেন্দ্রে শুধু সারিতে নয়, নিবন্ধন বুথ, ভবনের বারান্দা ও সামনের এলাকা ছিল মানুষে ঠাসা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেষ্টা সত্ত্বেও টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি বজায় রাখা যায়নি। মাস্কও ছিল না অনেকের মুখে। ব্যাপক আগ্রহ নিয়ে কেন্দ্রে এলেও অনেককে টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে। কিছু কিছু কেন্দ্রে জেলা যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওদুদ বলেন, ‘চিন্তাও করতে পারিনি, গ্রামের মানুষ এত আগ্রহ নিয়ে টিকা নিতে আসবেন। কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়ার কথা। মানুষ এসেছে দেড় হাজারের মতো। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।’
সরকারের গণটিকা কর্মসূচি চলাকালে সুনামগঞ্জ পৌর শহর ও তার বাইরের ১১টি কেন্দ্র ঘুরে প্রতিটি কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। শহরে সব বয়সী মানুষ থাকলেও গ্রামে বয়স্ক মানুষের উপস্থিতি ছিল বেশি। টিকা নিতে আসা লোকজনের জাতীয় পরিচয়পত্র দেখে একটি খাতায় নিবন্ধন করার পর নির্ধারিত বুথে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদ ভবনে টিকা দেওয়া হয় ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। এই ওয়ার্ডে পাঁচটি গ্রাম আছে। এসব গ্রামে টিকা নেওয়ার মতো লোক আছেন সাড়ে তিন হাজার। অথচ শনিবার টিকা দেওয়া হয়েছে ৬০০ জনকে। ওই কেন্দ্রে কথা হয় স্বাস্থ্য পরিদর্শক মো. আনিসুর রহমানের সঙ্গে। তিনি জানান, সকাল আটটা থেকেই লোকজন এসে জড়ো হন। এরপর নিবন্ধন শুরু হয়। দুপুর ১২টার দিকে ৬০০ জন নিবন্ধন করার পর তাঁরা আর কারও নিবন্ধন করেননি। তখনো সেখানে হাজারের ওপরে মানুষ ছিলেন। প্রতিটি বুথে দুজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
নিবন্ধন করতে না পারায় লক্ষ্মণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামের বাসিন্দা নুর হোসেন (৮৭), বাহাদুরপুরের কমরুল ইসলাম (৬০), সলিমপুরের সোনাহর আলীসহ (৮৮) কয়েকজনকে টিকা না নিয়েই বাড়িতে ফিরে যেতে হয়েছে। তাঁদের মধ্যে নুর হোসেন বলেন, দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জানানো হয়, টিকা নেই। আজ আর দেওয়া যাবে না। পরে আবার তারিখ জানানো হবে।
সারিতে থাকা লক্ষ্মণশ্রী ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া (৪৫) অবশ্য টিকা নিতে পেরেছেন। টিকা নিতে কোনো সমস্যা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, শহরে টিকা নিতে অনেক ঝামেলা, যাতায়াতের খরচ আছে ১০০ টাকা। সরকার বাড়ির কাছে টিকা দেওয়ার ব্যবস্থা করায় ভালো হয়েছে।
জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজের সঙ্গে কথা হয় তাঁর ইউনিয়নের কাটাখালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে। তিনি বলেন, তাঁরা প্রথমে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দিয়ে ৬০০ জনের তালিকা করেন। পরে অন্যদের চলে যেতে অনুরোধ করা হয়। এভাবে মানুষের চাপ সামাল দিয়েছেন।
সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ষোলোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ছোট একটি কক্ষে গাদাগাদি করে লোকজন নিবন্ধন করছেন। বারান্দায় নারী-পুরুষের লম্বা সারি। এখানে একটি বুথে টিকা দেওয়া হয়। এ জন্য অনেক লোক টিকা নিতে পারেননি।
এ বিষয়ে সুনামঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘আমরা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের প্রতিটিতে ২০০ জনকে টিকা দিয়েছি। মানুষের উপস্থিতি ছিল বেশি। আমাদের সক্ষমতা আছে, যদি টিকার ব্যবস্থা হয়, তাহলে প্রতিদিন একটি কেন্দ্রে এক হাজার লোককে টিকা দেওয়া যাবে।’
মেয়র নাদের বখত আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে লোকজনকে টিকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিছু কিছু কেন্দ্রে সেটা পুরোপুরি মানা যায়নি। আবার কিছু কিছু কেন্দ্রে সুন্দরভাবে নিয়ম পালন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে লোকজনের হাত ধোয়ার ব্যবস্থা ছিল। পরে আরও সুশৃঙ্খলভাবে কাজটি করা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, ‘আমরা গ্রাম-শহর সবখানেই ঘুরেছি। মানুষের আগ্রহ ছিল ব্যাপক। কেন্দ্রে যে পরিমাণ টিকা দেওয়ার কথা, তার চেয়ে দু-তিন গুণ লোক জড়ো হন। এ কারণে অনেক স্থানে কিছুটা জটলা বেশি হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, সেভাবেই ব্যবস্থা করা হবে।’ শনিবার জেলার ৯৭টি কেন্দ্রে ৫৮ হাজার ৬০০ টিকা দেওয়ার লক্ষ্য ছিল তাঁদের। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টিকা দেওয়া হয়।