টিকাকেন্দ্রে কয়েক ঘণ্টা অপেক্ষা, বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের বালাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন মানুষ। আজ শনিবার দুপুর ১২ টায়
ছবি: প্রথম আলো

শরীয়ত সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৭০) টিকা নেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছেন। চার ঘণ্টা অপেক্ষা করার পর তিনি টিকা নিতে পেরেছেন। তাঁর মতো কয়েক শ মানুষ টিকা নেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছেন।

আজ শনিবার দুপুর ১২টায় শরীয়তপুর সদর উপজেলার বালাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র ছিল এমন। বৃষ্টি উপেক্ষা করে সব কেন্দ্রে টিকা নিতে মানুষ ভিড় করেছেন। বৃষ্টির কারণে টিকা নিতে আসা লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শরীয়তপুরে ইউনিয়ন পর্যায়ে ৬৫টি কেন্দ্রে টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া শরীয়তপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে আরও ৯টি কেন্দ্রে টিকার কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ রাখা হয়েছে। প্রতি বুথে ২০০ ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে। আজ এসব কেন্দ্রে ৪২ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার বালাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৃষ্টি হওয়ায় মানুষ ভিজেই টিকাকেন্দ্রে এসেছেন। টিকাকেন্দ্রের বুথে প্রবেশ করার জন্য তাঁদের মাঠে লাইনে অপেক্ষা করতে হচ্ছে। টিকাগ্রহীতাদের বসার জন্য প্রশাসন চেয়ারের ব্যবস্থা করেছে। টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি বজায় রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে আনসার সদস্যদের নিয়ে টিকাকেন্দ্রে ছিলেন সদরের ইউএনও মনদীপ ঘরাই।

ইউএনও মনদীপ ঘরাই প্রথম আলোকে বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে টিকা নিতে পারেন, সে জন্য লাইনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বৃষ্টি মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। তারপরও টিকা নেওয়ার জন্য মানুষের অনেক আগ্রহ। জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেই মানুষ টিকা নিতে পারছেন। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শরীয়তপুর সদর উপজেলার বালাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় পালং ইউনিয়নের বালাখানা গ্রামের বাসিন্দা হালিমা বেগমের (৭০) সঙ্গে। তিনি বলেন, ‘করোনা এখন আমাদের কাছে আতঙ্ক। গ্রামের মানুষের পরামর্শে আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) নিয়ে টিকা নিতে এসেছি। বৃষ্টিতে ভিজে চার ঘণ্টা অপেক্ষার পর টিকা নিতে পেরেছি।’

বেলা দেড়টার দিকে টিকা নেওয়ার জন্য তুলাশার ইউনিয়নের গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিলেন শুকুরজান বিবি (৬৫)। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজেই টিকাকেন্দ্রে অপেক্ষা করেছি। দুই ঘণ্টা পর টিকা নেওয়ার সুযোগ পেয়েছি। টিকা পেয়ে মনে হচ্ছে নিরাপদে থাকতে পারব।’

শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে মানুষের কিছু বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ ছাড়া নিবন্ধন কার্যক্রম ও ভিড় হওয়ার কারণে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। আইডি কার্ডের ফটোকপি রেখে টিকা দেওয়া হয়েছে। তাঁদের ছাপানো টিকার কার্ড দেওয়া হয়েছে, ২৮ দিন পর ওই কার্ড নিয়ে এলে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।