টিকাকেন্দ্রে যাতায়াতে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য যাতায়াত ভাড়া হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রায় ২৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

ধুনট উপজেলায় ১২-১৮ বছর বয়সের শিক্ষার্থীদের সুরক্ষায় ৯ জানুয়ারি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয় এবং ১৫ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলে। টিকাদানকেন্দ্র ছিল উপজেলা পরিষদের সভাকক্ষ। মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চবিদ্যালয়ের ১ হাজার ২০০ শিক্ষার্থী টিকা নিয়েছে। বিদ্যালয়টি থেকে উপজেলা পরিষদের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। বিদ্যালয় থেকে টিকাকেন্দ্রে পৌঁছার জন্য পরিবহনে যাতায়াত খরচ হিসাবে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে মোট ৭২ হাজার টাকা আদায় করা হয়।

সিএনজিচালিত অটোরিকশায় করে শিক্ষার্থীদের টিকাকেন্দ্রে পৌঁছানোর কথা ছিল। তবে তাদের শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে গাদাগাদি করে টিকাকেন্দ্রে নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পেছনে খরচ হয় ৪০ টাকা করে মোট ৪৮ হাজার টাকা। অবশিষ্ট ২৪ হাজার টাকা প্রধান শিক্ষক কাউকে ফেরত দেননি।

এদিকে ১২ জানুয়ারি বিদ্যালয় থেকে ভটভটিতে করে টিকাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় দশম শ্রেণির দুই ছাত্র আহত হয়।

এ বিষয়ে আহত এক শিক্ষার্থীর অভিভাবক আছমা খাতুন বলেন, ‘অটোরিকশায় পৌঁছানোর জন্য ৬০ টাকা করে নেওয়া হয়েছে। ভটভটিতে করে পৌঁছাতে গিয়ে আমার ছেলে আহত হয়েছে। তাকে চিকিৎসায় এ পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে। আরও টাকা খরচ হবে।’

এ বিষয়ে এমপিএসটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যাতায়াতের ভাড়া হিসেবে ৬০ টাকা করে নেওয়া হয়েছে। তবে সব শিক্ষার্থী টাকা দেয়নি। বিদ্যালয় থেকে অতিরিক্ত চার হাজার টাকা খরচ হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘বিষয়টি আমি অন্যভাবে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’