টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা, করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে টিকা নেওয়ার জন্য ২৫০ জনের কাছে খুদে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু টিকা নিয়েছেন ৪০৪ জন।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে করোনার টিকার বুথের সামনে মানুষের ভিড়। গতকাল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েক শ লোক লাইনে দাঁড়িয়েছেন করোনার টিকা নেওয়ার জন্য। কিন্তু দাঁড়িয়েছেন ঠাসাঠাসি করে। কার আগে কে টিকা নেবেন, তা নিয়ে চলছে হুড়োহুড়ি। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য মানুষ টিকা নিচ্ছেন। অথচ মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা ব্যক্তিরা স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, টিকার বুথের সামনে, রোগীদের ওয়ার্ডের ভেতরে ও বাইরে এবং স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরোনো ভবনের নিচতলায় ফটকের সামনে অনেক টিকাপ্রত্যাশী গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। সারিবদ্ধভাবে দাঁড়াতে এবং ক্রম (সিরিয়াল) বজায় রাখতে সেখানকার স্বাস্থ্যকর্মীরা বারবার তাগাদা দিলেও গা করছেন না কেউ। গা ঘেঁষে দাঁড়িয়ে তাঁরা। উপস্থিত প্রায় প্রত্যেক নারীর সঙ্গে এসেছেন তাঁদের সন্তানেরাও। কেউ জটলার ভেতরে, কেউ জটলা থেকে খানিকটা দূরে অবস্থান করছিলেন। তাঁদের মুখেও মাস্ক নেই।

উপজেলার চরমুকুন্দি গ্রামের গৃহবধূ নাজমা বেগম বলেন, ‘টিকার লইগা সকাল নয়টা থেইক্কা এনো (এখানে) দাঁড়াইয়া রইছি। তিল পরিমাণ জায়গা নাই এনো। বাড়িতে জরুরি কাম রাইখা আইছি। তাড়াতাড়ি টিকার লইগা ভিড়ের মধ্যেই আছি।’

উপজেলার কলাদী এলাকার অপু সাহা করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। কিন্তু টিকা গ্রহণের কেন্দ্র থেকে কোনো খুদে বার্তা না পেয়েই তিনি গতকাল টিকা নেওয়ার জন্য এখানে ভিড় করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নাম নিবন্ধন কইরাও খুদে বার্তা পাইতাছি না। তবুও সরাসরি টিকা নিতে গেছি। যদি টিকা দিতাম পারি এ আশায়। বাড়ি থেকে মাস্কটা আনি নাই। গাদাগাদি কইরা না দাঁড়াইলে হারা দিন চইলা যাইব। একটা দিন স্বাস্থ্যবিধি না মানলে কী অইব।’

স্থানীয় কলেজশিক্ষক অশোক কুমার রায়ের ভাষ্য, খোদ হাসপাতালেই এভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে করোনা ঠেকানো অসম্ভব। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি দরকার।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী বলেন, খুদে বার্তা পাওয়া লোক ছাড়াও অনেকে টিকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভিড় জমাচ্ছেন। কিছু লোক আসছেন নিবন্ধন ছাড়াই। অনেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না এনেই টিকা চাচ্ছেন। বারণ সত্ত্বেও স্বাস্থ্যবিধি ও নিয়ম মানছেন না অনেকেই। টিকাপ্রত্যাশীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

টিকা কার্যক্রমের সঙ্গে যুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. খোরশেদ আলম বলেন, টিকাদান কার্যক্রমের সঙ্গে তাঁদের হাসপাতালে মোট তিনটি টিম কাজ করছে। প্রতিদিন গড়ে কাজ করছে একটি করে টিম। প্রতিটি টিমে দুজন নার্স এবং তিনজন করে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টেকনোলজিস্টসহ মোট আটজন রয়েছেন। এসব লোক সকাল ১০টা থেকে বেলা প্রায় আড়াইটা পর্যন্ত কাজ করেন। গত রোববার টিকা নেওয়ার জন্য খুদে বার্তা পাঠানো হয় ২৫০ জনকে। আজ সোমবার টিকা দেওয়া হয় ৪০৪ জনকে। তাঁরা খুদে বার্তা না পাওয়া লোকদেরও টিকা দিতে বাধ্য হচ্ছেন। না দিলে তাঁরা গন্ডগোল ও গালাগাল করেন। তাঁদের সামাল দেওয়া কঠিন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাউসার বলেন, হাসপাতালে টিকাদানের ব্যাপারে বিভিন্ন নিয়ম ও নির্দেশনার বুথের সামনে নোটিশ টাঙানো হয়েছে। এরপরও লোকজন নিয়ম মানছেন না। খুদে বার্তা না পেয়েও লোকজন টিকা দেওয়ার চাপ দিচ্ছেন। টিকা দেওয়ার কাজে নিয়োজিত লোকেরা নিয়ম মানার ব্যাপারে বারবার অনুরোধ করলেও অধিকাংশই সেসবের তোয়াক্কা করছেন না।