টিকাকেন্দ্রের ভবন থেকে পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে করোনার গণটিকাকেন্দ্রের দোতলা থেকে পড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর নাম আঞ্জুয়ারা খাতুন (৩৫)। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, গণটিকাদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তিন দিনের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, আজ সকাল থেকে বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের নির্মাণাধীন পাঁচতলা ভবনের দোতলায় করোনার গণটিকা দেওয়া শুরু হয়। বেলা ১১টার দিকে টিকা নেওয়ার জন্য মায়ের সঙ্গে আঞ্জুয়ারা খাতুন ওই কেন্দ্রে আসেন। সেখানে টিকা নেওয়ার পর তিনি দোতলার বারান্দার পাশে একটি বেঞ্চের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। একপর্যায়ে বেঞ্চ থেকে ওঠার আগমুহূর্তে বেঞ্চটি উল্টে নিচে পড়ে যায়। এ সময় দোতলা থেকে ভবনের বাইরে পড়ে আঞ্জুয়ারা গুরুতর আহত হন। পরে আঞ্জুয়ারাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত আঞ্জুয়ারার মা চায়না খাতুন বলেন, ‘টিকা নেওয়ার পর অসুস্থ বোধ করায় আঞ্জুয়ারাকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। পরে বাড়িতে নেওয়ার জন্য হাত ধরার আগমুহূর্তে বেঞ্চ উল্টে যায়। বারান্দায় কোনো প্রাচীর না থাকায় আঞ্জুয়ারা নিচে পড়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. আবদুল করিম বলেন, আজ টিকা দেওয়ার বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি। বিদ্যালয়ে পৌঁছে তিনি দেখেন, নির্মাণাধীন ভবনের দোতলায় টিকা দেওয়া হচ্ছে।

টিকাদানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে আবদুল করিম দাবি করেন। তিনি বলেন, বিদ্যালয়ের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, অঞ্জুয়ারাকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়নি। ওই নারী মায়ের পাশে বসে থাকা অবস্থায় নিচে পড়ে গেছেন।

টিকাদানের দায়িত্বে থাকা মুন্সিগঞ্জ ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক লক্ষ্মী রানী মন্ডল বলেন, গণটিকার প্রথম ডোজ দেওয়ার সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে নির্মাণাধীন ভবনের এই অংশ ব্যবহারের অনুমতি দিয়েছিল। এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে ওই স্থান ব্যবহার করা হচ্ছিল। টিকাদান নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে কিছুক্ষণ টিকাদান বন্ধ করা হয়েছিল।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, টিকাকেন্দ্রে ওই নারীর মৃত্যুর ঘটনায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিপ্লব কুমার দের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আঞ্জুয়ারার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।