টিকার খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে খরচের কথা বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন আজ শনিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ১৯ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। ১৫ জানুয়ারি পর্যন্ত উপজেলার লক্ষ্যমাত্রার ১৪ হাজার ৬৯৪ শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া সম্পন্ন করে স্বাস্থ্য বিভাগ। উপজেলা সদরের কালীখোলা রোডে ‘বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র কার্যালয়ের শীতাতপনিয়ন্ত্রিত একটি কক্ষে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন প্রতিষ্ঠানপ্রধান বলেন, টিকা প্রদান কার্যক্রমের শুরুতে শিক্ষার্থীদের যাতায়াত খরচ ও টিকা রাখার জন্য শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ৫০ টাকা করে আদায় শুরু করেন আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। প্রথম দিকে চার থেকে পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে টাকা আদায় করা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে টিকার খবর পরিশোধের নির্দেশ দেন।

কয়েকটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে আদায় করলে হিসাব অনুযায়ী ১৪ হাজার ৬৯৪ শিক্ষার্থীর কাছ থেকে ৭ লাখ টাকার বেশি তুলেছেন নজরুল ইসলাম।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, সরকার টিকা সরবরাহ করেছে বিনা মূল্যে। হাসপাতালের প্রশিক্ষিত জনবল দিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। এখানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। যদি কেউ টাকা তুলে থাকেন, সেটার দায়িত্ব তাঁর নিজের।

টিকা দেওয়ার ভেন্যু ‘বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ভেন্যু হিসেবে এই কার্যালয় ব্যবহার করার অনুরোধ করেন। আমি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষটি টিকা রাখার জন্য ছেড়ে দিই। কিন্তু কোনো টাকা নিইনি।’

অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, টিকা বাবদ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কিংবা শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের টাকা আদায় করা হয়নি। টিকা আনতে যাতায়াত খরচ ও টিকা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে রাখতে যে টাকা খরচ হয়েছে, তা শিক্ষকেরা নিজেরাই ব্যয় করেছেন।

আগৈলঝাড়ার ইউএনও মো. আবুল হাশেম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, টিকা প্রদানে শিক্ষার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে টাকা আদায় করার এখতিয়ার উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।