
আতিকুর রহমান। ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। ঈদের ছুটি তিন দিন। তাই পরিকল্পনা ছিল, ৪ জুলাই রাতেই রংপুরের বাসে চড়বেন। বাসের অগ্রিম টিকিট কাটতে গত রোববার দিবাগত রাত চারটায় গাবতলীতে হাজির হন। প্রায় ছয় ঘণ্টা সারিতে দাঁড়িয়ে কাউন্টারে পৌঁছে শোনেন, ৪ তারিখের টিকিট নেই! তবে ৫ জুলাই সারা দিনই সিট খালি আছে। বাধ্য হয়ে ৫ তারিখ দুপুরের টিকিট কাটলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে গতকাল সোমবার আতিকুর রহমানের মতো অনেককে ফিরতে হয়েছে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে। পবিত্র শবে কদর এবং ঈদের ছুটির সঙ্গে সংগতি রেখে বেশির ভাগ যাত্রীই ৩০ জুন কিংবা ৪ জুলাইয়ের টিকিটের প্রত্যাশী ছিলেন। তাই দ্রুত শেষ হয়েছে এ দুই দিনের টিকিট। পরিবহনগুলোর হাতে যথেষ্ট টিকিট থাকলেও যাত্রীদের পছন্দ অনুযায়ী টিকিট পাওয়া যাচ্ছে না। অগ্রিম টিকিট বিক্রি করা সব পরিবহন কোম্পানির কাউন্টারেই ছিল টিকিটপ্রত্যাশীদের ব্যাপক ভিড়। যাঁদের অনেকে এসেছেন মাঝরাতে, সাহরির পর। এরপর সারিতে দাঁড়িয়ে অপেক্ষা। সকাল আটটায় খোলে কাউন্টার। যাঁরা কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন, তাঁদের মুখে ছিল বিজয়ীর হাসি। আর যাঁরা কাঙ্ক্ষিত টিকিট পাননি, তাঁদের মুখে কিছুটা হতাশা থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারবেন—এ জন্য স্বস্তিও ছিল।
গাবতলীতে যাত্রী, হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মো. সাদেক এবং আরও দুটি পরিবহনের প্রতিনিধির সঙ্গে কথা বলে এসব জানা গেছে। সাদেক বলেন, ৩০ জুন এবং ৪ জুলাইয়ের উত্তরাঞ্চলের ৮০ শতাংশ টিকিট সকাল আটটার মধ্যে বিক্রি হয়ে গেছে। কিন্তু অন্য দিনগুলোর, বিশেষ করে ৫ তারিখের অনেক টিকিট রয়েছে। মঙ্গলবারও অগ্রিম টিকিট বিক্রি হবে।
প্রায় একই দৃশ্য ছিল টেকনিক্যাল, কল্যাণপুর ও মাজার রোডে পরিবহন কোম্পানির কাউন্টারগুলোতে। অগ্রিম টিকিট বিক্রি হয় মূলত এসব এলাকার কাউন্টারেই। এসব জায়গায় হানিফ পরিবহন, নাবিল পরিবহন, এস আর পরিবহনসহ বিভিন্ন পরিবহন অগ্রিম টিকিট বিক্রি করে। ৩০ জুন থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করেছে তারা। সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রতিটি কাউন্টারেই ছিল দীর্ঘ সারি। দুপুরের পর ভিড় কমতে থাকে।