দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
টিকে থাকাই এখন কঠিন
বাজারে চাল, ডাল, আটা, ময়দাসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের বেশি সমস্যা হচ্ছে।
বৈশ্বিক করোনা মহামারির কারণে কাবু হয়ে গেছে সব পেশার মানুষ। আয় কমে যাওয়া এবং ধারদেনায় জীবনযাপনে টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনের মধ্যে নিত্যপণ্যের মূল্য ধাপে ধাপে বেড়ে চলায় সংসার চালাতে গিয়ে দিশেহারা অবস্থা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর। বরিশাল নগরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে নিত্যপণ্যের উচ্চমূল্যের প্রভাবে তাঁদের দুর্দশার কথা জানা গেছে।
নিজাম উদ্দীন নামের একজন বেসরকারি চাকরিজীবী হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের অসহায়ত্বের কেউ খোঁজ রাখে না। এমনিতেই করোনার কারণে অনেক ধারদেনা হয়েছি। এখন যেভাবে বাজারে সব নিত্যপণ্যের দাম বেড়েছে, সে অনুযায়ী বেতন এক টাকাও বাড়েনি। সন্তানদের লেখাপড়ার খরচ এবং বাজারমূল্যের চাপ সামলাতে এখন হিমশিম খাচ্ছি।’
রিকশাচালক আবুল কালামের কাছেও এমন হতাশার কথা শোনা গেল। আবুল কালাম বলেন, ‘ঘরে খাওনদার পাঁচজন। দৈনিক ৪০০ টাকা ইনকাম কইরর্যা বাজারে গেলে চাহিদা অনুযায়ী বাজার-সওদা নিতে পারি না।’
বরিশাল নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাসখানেক ধরে সব নিত্যপণ্যের দাম দফায় দফায় বেড়েই চলেছে। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ছাড়াও সবজি, মাছ, মাংস, মুরগিসহ সব জিনিসের দাম আকাশছোঁয়া। মাসখানেকের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে ৩ থেকে ১০ টাকা। ফলে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের।
মঙ্গলবার নগরের বটতলা ও বাংলাবাজার পোর্ট রোড, নতুন বাজার ও চৌমাথা বাজার ঘুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তথ্য পাওয়া যায়।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বরবটি, করলা, পেঁপে ও শসার দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ২০ টাকা। বরবটি ৬০ টাকা থেকে বেড়ে ৮০, ফুলকপি ৩৫ থেকে বেড়ে ৪০, করলা ৮০ থেকে বেড়ে ১০০–১২০ টাকা, পেঁপে ২০ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।
খুচরা বাজারে আলুর কেজি ১৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৩ টাকা। এক লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা এক সপ্তাহ আগে তা ছিল ১৫০ টাকা। এক লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ১৬০ টাকা। এ ছাড়া খুচরা দোকানে মোটা দানার মসুর ডাল ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এটি বিক্রি হয়েছে ৮৫ টাকায়। দেশি-বিদেশি পেঁয়াজের কেজি ৩০ থেকে বেড়ে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে বেড়ে ১৫০ এবং কক ২৪০ থেকে বেড়ে ২৫০ এবং সোনালি কেজিতে ১০ টাকা বেড়ে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৩৫০ থেকে বেড়ে ৪২০-৪৫০ টাকা। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৫ টাকায়।
বাংলাবাজারে কেনাকাটা করতে আসা রিয়াজ উদ্দীন বলেন, নিত্যপণের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। উপার্জনের প্রায় সব টাকা বাজার করতেই চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষের টিকে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে।
বটতলা বাজারের ব্যবসায়ী মাহতাব উদ্দীন বলেন, ‘তেল, ডাল, আলু ও পেঁয়াজের দাম বাড়তি। আমরা তো পাইকারি বাজার থেকে যেভাবে কিনে আনি, সেভাবে সীমিত লাভে তা বিক্রি করি। এখন মোকামে দাম বাড়লে সেখানে তো আমাদের হাত নেই।’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্থিতিশীল হওয়ায় এখন মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সংগতি নেই। এবার আলু ও পেঁয়াজের দাম আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টির কারণে চাষিরা এবার আলু ও পেঁয়াজ আগাম তুলে ফেলেছেন। এ জন্য এই দুটি পণ্যে ঘাটতি চরমে পৌঁছাতে পারে। এ জন্য সরকারের আগাম প্রস্তুতি রাখা দরকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে বাজারে সাপ্লাই চেইন আরও উন্নত করতে হবে। বাজারে চাহিদার পরিমাণ নিরূপণ করে সেই অনুযায়ী সরবরাহের ব্যবস্থা নিতে হবে। চাপ প্রয়োগ করে নয়, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে বাজার সহনীয় রাখতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকারি পর্যায়ে ট্যাক্স সমন্বয় বা আমদানির মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাজার পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠতে পারে।