টিফিনের বিরতিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মেঘনায় নিখোঁজ কিশোর
নরসিংদীর রায়পুরা উপজেলায় স্কুলের টিফিনের বিরতিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মো. আবির ইসলাম নামের এক কিশোর মেঘনা নদীতে নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মেঘনা নদীর পান্থশালা ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিখোঁজ আবির (১৬) রায়পুরার সিরাজনগর পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার খাকচক গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। টিফিনের সময় স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে পান্থশালায় গিয়েছিল সে।
নিখোঁজ কিশোরের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা একটার দিকে স্কুলের টিফিনের বিরতির সময় আবির ও তার কয়েকজন বন্ধু পান্থশালায় ঘুরতে যায়। সেখানে মেঘনা নদীতে বন্ধুরা গোসল করতে নামলেও সাঁতার না জানায় আবির নামেনি। এ সময় তীরে একটি সিঁড়িতে বসে বন্ধুদের গোসল করা দেখছিল সে। একপর্যায়ে কিছুটা নেমে হাতমুখ ধোয়ার জন্য উবু হয়ে হাত বাড়ায় আবির। সিঁড়িটি পিচ্ছিল হওয়ায় সে নদীতে পড়ে ডুবে যায়। এ সময় নদীতে তীব্র স্রোত ছিল। এরপর থেকে সে নিখোঁজ।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও রায়পুরা থানা-পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত চার ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়েও আবিরের সন্ধান মেলেনি। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে রাজধানী ঢাকা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরাও উদ্ধার অভিযান শুরু করেছেন।
ঘটনাস্থলে থাকা রায়পুরা থানার উপপরিদর্শক মো. আলমগীর সরকার বলেন, নদীতে এখন তীব্র স্রোত বইছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে যাওয়ার পর ওই কিশোর স্রোতের কারণে দূরে কোথাও ভেসে গেছে। চার ঘণ্টার চেষ্টায় তাঁরা নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করতে পারেননি। রাজধানী ঢাকা থেকে আসা ডুবুরিদের নিয়ে উদ্ধার অভিযান চলছে।