টিলাধসে ঘর হারানো মোমিনাদের কষ্টের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ভারী বর্ষণে টিলাধসে মাটির নিচে চাপা পড়েছে একটি পরিবারের ঘর। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার নামার মনতৈল এলাকায়
ছবি: কল্যাণ প্রসূন

টিলার নিচে দুই শতক জমি। ওই জমিতে নির্মিত কাঁচা বসতঘরে তিন শিশুসন্তানকে নিয়ে থাকতেন মোমিনা বেগম (৩০)। সম্প্রতি ভারী বর্ষণে তাঁর ঘরের ওপর টিলার মাটি ধসে পড়ে। জীবন বাঁচাতে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হন। কিন্তু ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। মোমিনার স্বামী মকবুল হোসেন মারা গেছেন এক বছর আগে। মোমিনা দিনমজুরি করে খুব কষ্টে সংসার চালাতেন। এখন মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশাহারা তিনি।

মোমিনাদের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উপর মনতৈল এলাকায়। টিলাধসে তাঁর মতো ৪৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো জনপ্রতিনিধি তাঁদের খোঁজখবর নেননি। এখন পর্যন্ত তাঁরা সরকারি কোনো সহায়তাও পাননি।

টিলার মাটি ধসে জোলেখা বেগমের কাঁচা ঘরটি একেবারে ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের উপর মনতৈল এলাকায়
ছবি: প্রথম আলো

এলাকাবাসী জানান, ১৭ জুন থেকে ২০ জুন ভারী বর্ষণ হয়। এতে টিলায় মাটিধস দেখা দেয়। এ সময় কারও ঘর পুরোপুরি ভেঙে পড়ে, কারও ঘরের বেড়া, চাল ভেঙে যায়। এ অবস্থায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ বাড়িঘর ছেড়ে চলে যান।
আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে ফুলতলা যাওয়ার সড়কের এক পাশে একটি বড় টিলা। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ভজিটিলা নামেই পরিচিত। এ টিলায় উপর মনতৈল, নামার মনতৈল ও গুচ্ছগ্রাম এলাকা। সেখানে দুই শতাধিক কাঁচা-পাকা ঘর আছে। এলাকার বাসিন্দার বেশির ভাগ শ্রমজীবী। টিলার বিভিন্ন স্থানের মাটি ধসে পড়েছে।

টিলাধসে উপর মনতৈলের বিধবা জোলেখা বেগমের ঘরটি পুরোপুরি ভেঙে গেছে। ঘরের ওপর পড়ে আছে বিভিন্ন ধরনের গাছগাছালি। ঘটনার পর তিন ছেলে ও তিন মেয়েকে নিয়ে তিনি পাশের একটি আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

জোলেখাদের ঘর ভেঙে পাশের পারভিন বেগমের বসতঘরের ওপরে পড়েছে। পারভিন বলেন, ‘জোলেখা বাচ্চাদের নিয়া ঘরের ভেতরেই আছিল। আখতা টিলা ভাঙি পড়ল। বুদ্ধি করি বাচ্চারারের লাইয়া বাইর হইয়া আইছে। আমরাও ডরে বাইর হই আইছি।’
টিলাধসে ঘরের ভেতরে মাটিচাপা পড়েন রিকশাচালক সবুজ মিয়া। আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে টেনে বের করেন। সবুজের মা সানোয়ারা বেগম বলেন, ‘এর আগেও কয়েকবার টিলা ভাঙি পড়ছে। তবে এই রকম গজব হইছে না। এইবার মানুষের বেশি ক্ষতি হইছে।’

সানোয়ার ক্ষোভের সঙ্গে বলেন, ‘১০-১২ দিন হই গেল। মেম্বার-চেয়ারম্যান আইয়া আমরার খবর নিলা না। কোনো সাহায্য-সহযোগিতাও পাইছি না।’

এলাকাটি জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, ইউপি চেয়ারম্যান মাছুম রেজা যুক্তরাজ্যে থাকায় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। সরকারি ত্রাণ বিতরণের কাজে ব্যস্ত থাকায় টিলাধসে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, ভজিটিলা এলাকায় টিলাধসে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেওয়া হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেখানে সরকারি ত্রাণ না পৌঁছালে সেটারও ব্যবস্থা করা হবে। এ ছাড়া ভজিটিলা এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্প হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্তদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।