টিলাভূমিতে বইয়ের আলো

চার দেয়ালের চারকোনা ভবনটির পরতে পরতে আলো ছড়ানোর সৌন্দর্য। বইয়ের গন্ধ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারে বই পড়ছে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

টিলার ওপর বিদ্যালয় ভবনের পাশেই অন্তর্মুখী সৌন্দর্য নিয়ে লালচে ইটের ভবন বিকেলের রোদে হাসছে। ভবনের দেয়ালে ইট-পাথরের চকচক করা অহংকার নেই। ভবনের ভেতরেও দামি আসবাব নেই। আছে অন্য রকম কিছু, যা নীরবে মনের সৌরলোকে আলো জোগায়। জানার জগৎকে সমৃদ্ধ করে, আলো ছড়ায় মানব থেকে মানবে। সেখানে আছে সে রকম এক অমূল্য সম্পদের সঞ্চয়, বই। নানা বিষয়বৈচিত্র্যের বই।

এ বইয়ের দুনিয়া তৈরি হয়েছে তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারে। গ্রন্থাগারটিও সীমান্তঘেঁষা এক দূরের প্রান্তে। চারপাশে টিলাভূমি ও সবুজ-শ্যামল গ্রামের ভেতর এ এক অন্য রকম আলোর কেন্দ্র। কোনো গ্রামের বিদ্যালয়কে ছুঁয়ে এমন একটি গ্রন্থাগার। তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারটি গড়ে তোলা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজে। গ্রন্থাগারটি প্রতিষ্ঠানের হলেও এটি হয়েছে ব্যক্তি উদ্যোগে ও অর্থায়নে, শিল্প-স্থাপত্যে।

প্রথম দেখাতেই মনে হয়, এটি প্রচলিত কোনো ভবন নয়। এ রকম নীরব সৌন্দর্য প্রকাশে ভিন্ন কিছুর ঘ্রাণ থাকে, বার্তা থাকে। চার দেয়ালের চারকোনা ভবনটির পরতে পরতে আলো ছড়ানোর সৌন্দর্য। বইয়ের গন্ধ। অক্ষরে সাজানো দরজা দিয়ে ভবনটিতে ঢুকলেই মনজুড়ে প্রশান্তির এক তরঙ্গ খেলে। ভবনের ভাঁজে ভাঁজে বইয়ের আমন্ত্রণ। নিচতলা থেকে ওপরের দিকে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির ধাপ পার হলেই একেকটা বই কামরা, বই পড়ার পরিসর। বসার চেয়ার–টেবিল।

তাক ভরা সারি সারি বই। নানা ধরনের বই। ইতিহাস-ঐতিহ্য, গল্প-উপন্যাস, কবিতা, গবেষণাগ্রন্থ। এ যেন নীরবে ধারণ করা মহাসমুদ্রের নিঃশব্দ কল্লোল। পাঠকক্ষে বাইরের আলো ঢুকবে, আছে উঁচু জানালা। সিঁড়িঘরের ওপরে আকাশ–জানালা দিয়ে আলো-বাতাসের অপার খেলা ঠিক ঘরের মধ্যেই। স্থাপত্যকলায় গড়ে ওঠা ভবনটিকে তিনতলার মনে হলেও আদতে এটি আড়াইতলার মতো উঁচু। ভবনটি নির্মাণশৈলীতে সাজিয়েছেন স্থপতি রাজন দাস।

রাজন দাস বলেন, এটি মূলত একটি অন্তর্মুখী নীরবতার ঘর। অন্তর্মুখী স্থাপত্যকলাতেই নকশাটা করা হয়েছে। সিঁড়ি, পড়ার স্থান এমনভাবে তৈরি, যেখানে হাঁটলে একটা ভ্রমণের মতো অনুভূতি মিলবে। ৯০০ বর্গফুটের ভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাসমুদ্রের শতবছরের কল্লোলকে বেঁধে রাখার ভাবনাকে ধারণ করেই এমন নকশা। দেশে কোন গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম গ্রন্থাগার ও নিজস্ব ভবন আছে, আমার জানা নেই। ব্যক্তি উদ্যোগে এটি একটি বিরল ঘটনা।

শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পূর্ব দিকের উত্তর পাশে তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারটি দাঁড়িয়ে। এর পেছনে কাজ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষের ভাবনা। সেই ভাবনার রূপায়ণ করেছেন যিনি, তিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। মুক্তিযুদ্ধ করেছেন, শোষণ মুক্তির রাজনীতি করেছেন, সাংবাদিকতা করেছেন। শেষমেশ থিতু হয়েছেন আইন পেশায়, হাইকোর্টে।

গ্রন্থাগার ভবনের নির্মাতা তবারক হোসেইন জানিয়েছেন, স্কুলটির সুখে-দুঃখে সব সময় তাঁর যোগাযোগ আছে। সাধ্যমতো যা কিছু করার, করছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক তাঁকে বিদ্যালয়ে একটি পাঠাগার তৈরির অনুরোধ করেন। তাঁর নামেই পাঠাগারটি হবে। সেই থেকেই একটি নান্দনিক নকশার গ্রন্থাগার তাঁর ভাবনাতে ঠাঁই নেয়। ২০১৬ সালের ১৮ মার্চ শুরু হয়ে যায় কাজ। বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পরিকল্পিত নকশার আদলে ইটের পর ইট বসতে থাকে। ২০১৯ সালে পুরো একটা চেহারা পায় তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগার। শুধু ভবন নির্মাণের কথা থাকলেও এখানেই হাত গুটিয়ে নিলেন না। বই রাখা ও পড়ার জন্য নির্মাণ করে দিয়েছেন আসবাব। বন্ধুবান্ধব, পরিচিত জন থেকে বই সংগ্রহ করেছেন। নিজে কিনেছেন। এতটুকু পথ আসতে ব্যয় হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। প্রায় ১০ হাজার বই জোগাড় হয়েছে।

তবারক হোসেইন বলেন, ‘প্রথমে আমার নামেই গ্রন্থাগার হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আমার জীবনের অর্জনে সহধর্মিণীর অবদান, ত্যাগ অপরিসীম। দুজনের নামে করার প্রস্তাব দিলে কর্তৃপক্ষ সেটা মেনে নেয়।’

কাজ শেষ হওয়ার পরই উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তখন কোভিড অতিমারির কারণে পিছিয়ে পড়ে চালুর মুহূর্তটি। ৮ জানুয়ারি ২০২২ দুয়ার খুলেছে তবারক হোসেইন-শামসুন্নাহার গ্রন্থাগারের। উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল বাছিত বলেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। মফস্বলে এ রকম একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মুঠোফোন আসক্তির কারণে ছাত্রছাত্রীরা সাহিত্য পড়তে চায় না। তাদের পাঠমুখী করতে আমরা উদ্বুদ্ধ করব। সুন্দর ব্যবস্থাপনায় যাতে গ্রন্থাগারটি চলে, সেই চেষ্টা করা হবে।’