রাজশাহী
টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কালোবাজারে
টিসিবির পরিবেশকেরা নানা কৌশলের ন্যায্যমূল্যের এসব পণ্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এ ঘটনায় এক পরিবেশককে গ্রেপ্তারও করা হয়েছে।
রাজশাহীতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি হচ্ছে। টিসিবির পরিবেশকেরা নির্ধারিত স্থানে ক্রেতার কাছে পণ্য বিক্রি না করে বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে কম মূল্যে নিত্যপণ্য কিনতে না পেরে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন।
গত বুধবার রাতে পুলিশ রাজশাহী নগরের দুই ব্যবসায়ীর গুদাম থেকে টিসিবির প্রায় দুই লাখ টাকার পণ্য জব্দ করেছে। এ ঘটনায় পরিবেশকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও একজন পরিবেশকের দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছিল।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে টিসিবির ৬০ জন পরিবেশক রয়েছেন। তাঁরা আটটি নির্ধারিত বিক্রয়কেন্দ্রে নিত্যপণ্য বিক্রি করবেন। ক্রেতার অভাবে পণ্য অবিক্রীত থাকলে সেদিনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং পরদিনই তা বিক্রয়কেন্দ্রে পাঠাতে হবে।
টিসিবির পণ্যের কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য অনেক পরিবেশক সারিতে ক্রেতা দাঁড়িয়ে থাকা অবস্থায় মালামালসহ ট্রাক নিয়ে চলে যান। পরে সেই পণ্য বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
গত ২০ এপ্রিল নগরের লক্ষ্মীপুর মোড়ে পণ্য বিক্রি শেষ না করেই টিসিবির পরিবেশকের লোকজন ট্রাক নিয়ে চলে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের প্রধানকে জানানোর পর পরিবেশকের লাইসেন্স বাতিল করা হয়।
গত বুধবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহী নগরের সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে টিসিবির ১ হাজার ২০২ লিটার সয়াবিন তেল, ১৭৫ কেজি চিনি ও ৪০ কেজি মসুর ডাল উদ্ধার করে।
টিসিবির পণ্য কেনার অভিযোগে নগরের পাঁচানি মাঠ সেখেরচক এলাকার জালাল হোসেন ও নগরের হেতমখাঁ এলাকার সাগর শেখকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টিসিবির পরিবেশক রেজাউল করিমকেও গ্রেপ্তার করা হয়েছে।
টিসিবির পরিবেশক রেজাউল করিম তানোর উপজেলার পরিবেশক। টিসিবি সূত্রে জানা গেছে, তানোরের বরাদ্দ রাজশাহী নগরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি।
দুই ব্যবসায়ীসহ পরিবেশক রেজাউল করিমের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।