টিসিবির পণ্য কিনতেই দুপুর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। রংপুরের শাপলা চত্বর এলাকায়
ছবি: প্রথম আলো

রংপুরে ছয় দিন বন্ধ থাকার পর আবারও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। সঙ্গে বেড়েছে মানুষের ভিড়। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টিসিবির ট্রাকের জন্য মানুষের অপেক্ষায় থাকতে হয়। পণ্য বিক্রি শুরু হলেও মানুষের সারি আর কমে না। কম দামে তিনটি পণ্য কিনতে এসে দুপুর গড়িয়ে যায় অনেকের।

ভরদুপুরে রংপুর শহরের শাপলা চত্বর এলাকায় টিসিবির ট্রাকের পণ্যের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন আরজু বেগম। কিনলেন দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল। এসব পণ্য কিনতে খরচ হলো ৪৫০ টাকা।

আরজু বেগম বললেন, ‘এই তিন পণ্য বাজার থেকে কিনতে হলে ২০০ টাকার বেশি লাগত। যে টাকা বাঁচল, তা দিয়ে প্রায় চার কেজি চাল কেনা যাবে। তাই কষ্ট হলেও সকালে এসে এসব পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছি। তবে রান্না করে খেতে খেতে দিন পার হয়ে যাবে।’

রোববার দুপুরে শাপলা চত্বরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আরও অনেকের মধ্যে আদর্শপাড়া এলাকার বাসিন্দা ওয়ালেদা আক্তার বলেন, ‘ছেলেমেয়েসহ পাঁচজনের পরিবার। প্রতিদিন সংসারে কমপক্ষে দেড় কেজি চাল লাগে। নিত্যপণ্যের জিনিসের দাম এখন অনেক বেশি। প্রতিদিন খাবারের পেছনে অনেক টাকা লেগে যায়। তাই কিছু বাঁচাতে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে তেল, চিনি ও মসুর ডাল কিনলাম।’

বাজারে চিনি, তেল-পেঁয়াজের লাগামহীন দামের কারণে নিম্ন ও মধ্য আয়ের লোকজন এখন টিসিবির পণ্যের জন্য অপেক্ষায় থাকেন। অনেকেই লোকলজ্জার কারণে লাইনে দাঁড়াতে না পারলেও কাউকে লাইনে দাঁড় করিয়ে পণ্য কেনেন বলে সরেজমিনে জানা যায়।

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সুলভ মূল্যে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০, ডাল ৫৫ টাকা, পেঁয়াজ (তুরস্ক ও ভারত) ৩০ টাকায় বিক্রি হয়।

এদিকে খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ১৫৫-১৬০ টাকা, চিনি প্রতি কেজি ৮৪-৯০ টাকা, মসুর ডাল ৯০-৯৫ টাকা ও বিদেশি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির ট্রাকের পণ্য বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ট্রাক আসার অনেক আগে থেকে লোকজন অপেক্ষা করেন। লাইন ধরতে ভিড় শুরু হয়। প্রতিদিনই দুপুরের পরপর পণ্য শেষ হয়ে যায়।

সিটি বাজারের মুদি ব্যবসায়ী একরামুল হোসেন বলেন, ‘এখন সয়াবিন প্রতি লিটার বিক্রি করছি ১৫০–১৫৫ টাকায়। চিনি ৮৪–৯০, মসুর প্রকারভেদে ৯০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।’

টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা প্রতাপ কুমার বলেন, ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় রোববার থেকে প্রতিদিন নগরের পাঁচটি কেন্দ্রে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে ২৫০ কেজি চিনি, ২৫০ কেজি ডাল, ৩০০ লিটার তেল ও ৫০০ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।