টুঙ্গিপাড়ায় ইজিবাইক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক ও থ্রি-হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মো. ‍নুরুজ্জামান (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ চারজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী-গোপালগঞ্জ সড়কের নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুরুজ্জামান নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরাহাচড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি টুঙ্গিপাড়ায় নার্সারির ব্যবসা করেন।

আহত ব্যক্তিরা হলেন, একই উপজেলার বাঘিয়ারকুল গ্রামের ইজিবাইকচালক আলামিন খা (৩৫), টুঙ্গিপাড়া গ্রামের শেখ শফি (৩৭), পাচকাহনিয়া গ্রামের ইমরান শেখ (২৫), শ্রীরামকান্দি গ্রামের বাবুল হোসেন (৪৫)। আহত ব্যক্তিদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে মো. নুরুজ্জামান ইজিবাইকে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নিলফা বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী থ্রি-হুইলারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মো. নুরুজ্জামান নামের ওই ব্যবসায়ী নিহত ও ইজিবাইকের চালকসহ আরও চার যাত্রী আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।