টুঙ্গিপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালংকার লুট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গভীর রাতে এক কলেজশিক্ষকের বাড়িতে একদল ডাকাত ঢুকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডে পাশের ওই বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম মো. বাবর আলী মোল্লা। তিনি সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
বাবর আলী মোল্লা বলেন, ‘প্রতিদিনের মতো ঘরের সবাই ঘুমিয়ে ছিলাম। রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত দেওয়াল টপকে দোতলার বারান্দার দরজা খুলে ঘরে ঢোকে। তাদের মধ্যে পাঁচজন আমার কক্ষে ঢুকে দেশীয় অস্ত্র ঠেকায়। এরপর তারা আমাকে আমার মেয়ের কক্ষে নিয়ে যায়। সবাইকে ওই কক্ষে আটকে রেখে প্রথমে আলমারি ভেঙে আমার জমি বিক্রির ৭০ হাজার টাকা নেয়। আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার স্কুলের স্লিপের ৩০ হাজার টাকা ছিল ওয়ার্ডরোবে। ডাকাতেরা ওয়ার্ডরোব ভেঙে ওই ৩০ হাজার টাকা এবং সাড়ে তিন ভারি স্বর্ণাংকার নেয়। এরপর তারা নিচতলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে যায়। সেখানে টেবিলের ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা নিয়ে নেয়।’
বাবর আলী মোল্লার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস জাহান বলেন, ‘ডাকাতেরা আমার স্বামীকে আমাদের কক্ষে নিয়ে আসে এবং অস্ত্র ঠেকিয়ে বলে, আপনাদের কোনো ভয় নেই৷ আপনাদের কিছু বলব না। আপনারা সবাই চুপ করে থাকেন এবং টাকা ও স্বর্ণ কোথায় আছে, সেটা জানান। এরপর তাঁরা ফ্রিজে রাখা খাবার বের করে খায়।’
জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিস সহকারী সুমন শেখ বলেন, ‘ডাকাত দল রাত ৩টার দিকে দোতলায় ঢোকার পর নিচতলায় আসে। এরপর আমাদের অফিসের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা আমার হাত বেঁধে দোতলায় বাবর আলী স্যারের বাসায় নিয়ে তাঁদের সঙ্গে একই কক্ষে রাখে। এর আগে অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে ১০ হাজার টাকা নেয় তারা।’
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সার্কেল) মো. খায়রুল আলম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা ওই বাড়িতে গিয়েছিলাম। আমরা এটা নিয়ে কাজ করছি।’