টুঙ্গিপাড়ায় ‘মুজিব বর্ষ লোকজ মেলা’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বেলা ৩টা থেকে টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে ‘মুজিববর্ষ লোকজ মেলা–২০২২’। চলবে ২৬ মার্চ পর্যন্ত
ছবি: প্রথম আলো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মুজিব বর্ষ লোকজ মেলা’ শুরু হয়েছে। আজ সোমবার টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ মেলা শুরু হয়। চলবে ২৬ মার্চ পর্যন্ত।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। এতে দেশের ৬৪ জেলার ১০০টি স্টল রয়েছে।

এসব স্টলে মৃৎশিল্প, নকশিকাঁথাসহ বিভিন্ন পণ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, স্যুভেনির প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।