টেকনাফ থেকে আরও ১৬৩ রোহিঙ্গা পরিবারকে উখিয়ায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী শরণার্থী শিবির
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে দুই দিনে (রোববার ও আজ সোমবার) আরও ১৬৩টি পরিবারের ৭০১ জন রোহিঙ্গা নাগরিককে উখিয়ার রোহিঙ্গা শিবিরে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে ৬ দফায় ৭৪৩ পরিবারের ৩ হাজার ৩৯৯ জন রোহিঙ্গা নাগরিককে উখিয়ার কুতুপালং ও বালুখালী শরণার্থীশিবিরে স্থানান্তর করা হলো।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও বাহারছড়ার শামলাপুর ক্যাম্পের ইনচার্জ (জ্যেষ্ঠ সহকারী সচিব) পুলক কান্তি চক্রবর্তী আজ সোমবার বিকেলে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলক কান্তি চক্রবর্তী বলেন, গতকাল রোববার ও আজ সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি বাস ও ২৬টি ট্রাকে (মালামাল পরিবহনের জন্য) করে রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ও বালুখালী শিবিরে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ শিবিরে বসবাসরত সব রোহিঙ্গা নাগরিককে উখিয়ার বিভিন্ন শিবিরে হস্তান্তর করা হচ্ছে। এ শিবিরে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছিল। এ স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে প্রথম দফায় গত ১৩ জানুয়ারি ১৫৬ পরিবারের ৭২৭ জন, দ্বিতীয় দফায় ১৪ জানুয়ারি ১৪১টি পরিবারের ৬৬৭ জন, তৃতীয় দফায় ৩ ফেব্রুয়ারি ১৫০টি পরিবারের ৬৬৬ জন, চতুর্থ দফায় ৪ ফেব্রুয়ারি ১৩৩টি পরিবারের ৬৩৮ জনকে স্থানান্তর করা হয়। পঞ্চম দফায় গতকাল রোববার ৮৫টি পরিবারের ৩৬০ জনকে ও ষষ্ঠ দফায় আজ সোমবার ৭৮ পরিবারের ৩৪১ জন রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ও বালুখালী শরণার্থীশিবিরে নেওয়া হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) মাধ্যমে এ স্থানান্তর কার্যক্রম শুরু করা হলেও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা করছে।

বাহারছড়া ইউপির চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শিবিরটির অবস্থান মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায়। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ শিবিরটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বাহারছড়ার শামলাপুর ক্যাম্পটি খালি করে রোহিঙ্গাদের উখিয়াসহ অন্য ক্যাম্পে নেওয়া হচ্ছে।

শামলাপুর রোহিঙ্গা শিবিরের দলনেতা (মাঝি) আবুল কালাম বলেন, এ শিবির থেকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পর্যায়ক্রমে সব রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। এখানে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করে আসছিল। রোহিঙ্গাদের শিবিরের মধ্যে রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ছয় দিনে সাড়ে তিন হাজারের মতো রোহিঙ্গাকে এখান থেকে স্থানান্তর করা হয়েছে।