টেকনাফ থেকে ১০ কোটি টাকার আইস মাদক উদ্ধার
কক্সবাজারের টেকনাফের একটি বাড়ি থেকে ১০ কোটি টাকার মূল্যমানের দুই কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার দুপুর একটার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ মুজিব (২০) নামের একজনকে আটক করেছে বিজিবি।
গ্রেপ্তার মোহাম্মদ মুজিব উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার সোনার মিয়ার ছেলে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, আজ দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠা পানিরছড়া এলাকার সোনা মিয়ার বসতবাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। ওই সময় বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ মুজিব। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির ফলস সিলিংয়ে লুকানো ২ কেজি আইস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরও বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, যে পথে দেশে ইয়াবার চালান ঢুকছে, সেই একই পথেই ঢুকছে আইস। ভয়ংকর এই মাদকও দেশে আসছে মিয়ানমার থেকে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে আইসের ১৫টি চালান ধরা পড়েছে। সবচেয়ে বেশি,৯টি চালান ধরা পড়ে চট্টগ্রাম ও কক্সবাজারে।