টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

প্রায় ছয় মাস বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল নয়টা থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। প্রথম দিনেই তিনটি জাহাজে করে এক হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে গেছেন।
চলতি বছরের ২৭ এপ্রিল থেকে এই নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নদীবন্দর স্থাপিত হয়েছে। সেখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি জেটি, পন্টুন, যাত্রীছাউনি ও টয়লেট স্থাপন করেছে। শুক্রবার সকাল থেকেই পর্যটকেরা টেকনাফে আসতে থাকেন। প্রথম দিনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ ও এমভি ফারহান নামে তিনটি জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাত্রী পরিবহন করেছে। সকাল সাড়ে নয়টার পর থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে ২৯২, আটলান্টিক ক্রুজে ৩৮৪ ও এমভি ফারহানে ৩৮২ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। তাঁদের মধ্যে চার শতাধিক যাত্রী রাতযাপনের জন্য সেন্ট মার্টিনে থেকে গেছেন।
বিআইডব্লিউটিএ টেকনাফের সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ আমজাত হোসেন প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে এই নৌপথে চলাচলের জন্য কর্তৃপক্ষ বর্তমানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান ও কেয়ারি সিন্দাবাদ নামে চারটি জাহাজকে অনুমতি দিয়েছে। ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ মার্চ পর্যন্ত জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তিনটি জাহাজ এর মধ্যে চলাচল শুরু করেছে। কয়েক দিনের মধ্যে কেয়ারি সিন্দাবাদ জাহাজও চলাচল শুরু করবে।

কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, গত ২৭ এপ্রিল থেকে এই নৌপথে সাগর উত্তাল হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ১৮৭ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত থাকায় ও পর্যটন মৌসুম শুরু হওয়ায় পর্যটকদের কথা চিন্তা করে আবারও পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে নয়টায় টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যাবে বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএর অনুমতি সাপেক্ষে এই নৌপথে আবারও জাহাজ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে সেন্ট মার্টিনে হোটেল, কটেজসহ প্রতিটি আবাসিক ও খাবার হোটেলে মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজ কর্তৃপক্ষ যাতে কোনো ধরনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করে, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। ভাটার সময় কোনো পর্যটক যেন সেন্ট মার্টিন সৈকতের পানিতে না নামেন, সে ব্যাপারে প্রচারণা চালানোর জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ প্রথম আলোকে বলেন, জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্ট মার্টিনে এখন সাজ সাজ রব। প্রথম দিনে রাতযাপনের জন্য চার শতাধিক পর্যটন দ্বীপটিতে থেকে গেছেন।