টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের আই ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. ইউনুছ (২৮)। তিনি ওই শিবিরের আই ব্লকের বাসিন্দা সৈয়দ আহাম্মদের ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইউনুছকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইউনুছের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। পরে ইউনুছকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আজ সোমবার দুপুরে গ্রেপ্তার আসামিকে কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।