টেকনাফে আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং মধ্যম হ্নীলা খারাংখালী এলাকায় গতকাল শনিবার রাত ৯টার দিকে গ্যাস সিলিন্ডারের আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার মোহাম্মদ সলিমের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরও ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা সম্ভব না হলেও ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত লোকজন জানান, ঘরে থাকা নগদ টাকা, চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে সুখের সংসার তছনছ হয়ে গেল। এখন কী করবেন, কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জাহেদ হোছাইন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সলিমের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের আরও ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সাতটি ঘরের যাবতীয় আসবাব পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উপজেলা পরিষদের পক্ষ থেকে আজ রোববার সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা, শুকনো খাবার, বিস্কুট ও কম্বল পাঠানো হচ্ছে।