টেকনাফে আট লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে আট লাখ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ দুটি ঘটনায় কাউকে আটক করতে না পারলেও একটি ঘটনায় পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একটি নৌকা জব্দ করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ইয়াবা উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। টেকনাফ বিজিবির সাম্প্রতিক সময়ে আটক করা ইয়াবার চালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান।

বিজিবির ভাষ্য, রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে আসা হবে—এমন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত দেড়টার দিকে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গুলি চালায়। তখন বিজিবিও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে নৌকায় থাকা চারজন পাচারকারী নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবির সদস্যরা নৌকা থেকে পলিথিনে মোড়ানো সাতটি ব্যাগের ভেতর থেকে সাত লাখ ইয়াবা উদ্ধার করে। এগুলোর আনুমানিক মূল্য ২১ কোটি টাকা।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাফ নদীর জলিলের দিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে আরও এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।