টেকনাফে আশ্রয়শিবির থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের আশ্রয়শিবির থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে ২টি অস্ত্র, ৬১টি গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএনের দাবি, গ্রেপ্তার রোহিঙ্গারা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং শিবির এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), একটি ম্যাগাজিন ও ৬১টি গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন ২২ নম্বর শিবিরের সি-৪ ব্লকের ২১৫ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ শফিক ওরফে হাফেজ শফিক (২৬), একই শিবিরের ডি-৪ ব্লকের ৭৪৭ নম্বর ঘরের বাসিন্দা আমান উল্লাহ (২৬) ও একই শিবিরের বি-১ ব্লকের ৪৮ নম্বর ঘরের বাসিন্দা জামাল আহাম্মদ (৫১)।

এপিবিএন সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের সি ব্লক এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।