টেকনাফে এক কেজি আইস জব্দ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসসহ আটক মোহাম্মদ রফিক মিয়া
ছবি: সংগৃহীত

নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে নেওয়ার সময় এক কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলার দমদমিয়া জালিয়ার দ্বীপ এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ রফিক মিয়া (৩৭)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া জেলেপাড়ার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে টেকনাফের দমদমিয়া সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল অভিযানে যায়। দলটি স্পিডবোটে নাফ নদীতে অবস্থান নেয়। এ সময় ডিঙি নৌকায় মাদকদ্রব্য নিয়ে মাদক কারবারীরা নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন বাদে মাদক কারবারিরা পালিয়ে যান। পরে ওই নৌকা থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি আইস জব্দ করে বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আইসসহ আটক আসামিকে টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে ওই ব্যক্তিকে আজ রোববার বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হবে।