টেকনাফে খালের পাশের গর্ত থেকে নবজাতকের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ পৌরসভার হেচ্ছারখালের পাশে গর্ত থেকে এক ছেলেনবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স এক দিন হতে পারে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আবদুল আলিম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, নবজাতকের লাশ দেখতে পেয়ে আজ সকালে স্থানীয় লোকজন ভিড় জমান। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন থানা–পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তাঁর হাসপাতাল থেকে এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। হাসপাতালে যেসব সন্তানের প্রসব হয়, তাদের কর্তৃপক্ষের দায়িত্বে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। যে ছেলেনবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে, সেটির নাভিও কাটা হয়নি।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম বলেন, নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।