টেকনাফে গর্তে পড়ে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় ছাগল চরাতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে হ্নীলার পূর্ব রঙ্গিখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু হলো উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রঙ্গিখালীর বাসিন্দা নুরুল কবিরের মেয়ে কমলা আক্তার (৮) ও জান্নাতুল ফেরদৌস (৪)। কমলা রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

ছোট বোনের চিৎকার শুনে বড় বোন কমলা তাকে বাঁচাতে এগিয়ে এলে সে-ও ওই গর্তে পড়ে যায়।

নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলের দিকে কমলা ও জান্নাতুল মিলে বাড়ির পাশের খোলা জায়গায় ছাগল চরাতে যায়। ছাগল চরানোর ফাঁকে গর্তে জমা পানির পাশে খেলাধুলা করতে করতে হঠাৎ জান্নাতুল মাটি কাটার যন্ত্রে সৃষ্ট গর্তে পা পিছলে পড়ে যায়। ছোট বোনের চিৎকার শুনে বড় বোন কমলা তাকে বাঁচাতে এগিয়ে এলে সে-ও ওই গর্তে পড়ে যায়। এ সময় একটু দূরে থাকা কয়েকজন রাখাল এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় বড় বোন কমলাকে উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এবং ছোট বোন জান্নাতুলকে উদ্ধার করে লেদা রোহিঙ্গা ক্যাম্পের আইএমও চিকিৎসাকেন্দ্রে নেন। সেখানকার চিকিৎসকেরা দুই বোনকেই মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।