টেকনাফে পাঁচ কোটি ১৭ লাখ টাকা মূল্যের আইস জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী সাঁতার দিয়ে মাদকদ্রব্য পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত চৌকিসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হাবিবুল্লাহ (৩৭) উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা।
বিজিবি দাবি করেছে, আটকের সময় হাবিবুল্লাহর কাছ থেকে ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। এই মাদকদ্রব্যের দাম ৫ কোটি ১৭ লাখ টাকা। তিনি একজন মাদক পাচারকারী। নাফ নদী সাঁতার দিয়ে তিনি মিয়ানমার থেকে মাদকের এ চালানটি বাংলাদেশে আনছিলেন।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে সাঁতার কেটে নাফনদীর জলসীমানা অতিক্রম করে এক ব্যক্তিকে বাংলাদেশে আসতে দেখেন বিজিবির সদস্যরা। লোকটি বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে নিজেকে কাদার মধ্যে লুকানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর কোমরে বাঁধা অবস্থায় ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদকের মামলা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।