টেকনাফে বালিশের নিচ থেকে ৫ কোটি টাকার আইস উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ৪০ গ্রাম ওজনের আইসসহ (ক্রিস্টাল মেথ) মোহাম্মদ ইদ্রিস (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত একটায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার বাড়িতে তাঁর শয়নকক্ষে বালিশের নিচ থেকে আইস উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইদ্রিসের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ ইদ্রিস পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে ৫ কোটি ৪০ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৪০ গ্রাম আইস পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ কক্সবাজার আদালতে পাঠানো হবে।