টেকনাফে বিদ্যুতের তীব্র সংকটের ব্যাটারি চার্জ তত্ত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদ্যুতের চাহিদা সাড়ে ১৩ মেগাওয়াট। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, কক্সবাজার পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) কাছ থেকে চাহিদার এক-চতুর্থাংশও বিদ্যুৎ পাওয়া যায় না। সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেয় পিডিবি। এ কারণে উপজেলার প্রায় সাড়ে ৩১ হাজার গ্রাহককে লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে।

পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, বরাদ্দ পাওয়া বিদ্যুতের প্রায় অর্ধেক চলে যাচ্ছে অনুমোদনহীনভাবে চলা প্রায় দেড় হাজার টমটম (ইজিবাইক) ও ব্যাটারিচালিত রিকশার চার্জের পেছনে। এ কারণে বিদ্যুতের লোডশেডিং প্রকট হয়েছে।

টেকনাফ উপজেলায় দিনে ১৬ থেকে ১৭ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে বলে পল্লী বিদ্যুৎ সূত্র জানায়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে। আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফের সহকারী ব্যবস্থাপক (এজিএম) শহিদুল ইসলাম দাবি করেন, উপজেলায় ৭০০ ব্যটারিচালিত রিকশা ও ৮০০ টমটম চলছে। এসব গাড়ির ব্যাটারি চার্জের জন্য ১ হাজার ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে।

টমটমের চালকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, টেকনাফ পৌরসভা এলাকাতেই রয়েছে তিন শতাধিক ব্যাটারিচালিত রিকশা এবং তিন শতাধিক টমটম। টেকনাফ সদর, সাবরাং, হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নে রয়েছে আরও কমপক্ষে চার শ অটোরিকশা ও পাঁচ শ টমটম।

উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তৈয়ুব বলেন, টমটম ও ব্যটারিচালিত রিকশায় বিদ্যুতের অপচয়ই শুধু হচ্ছে না, দুর্ঘটনাও ঘটছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কক্সবাজার অঞ্চলের মোটরযান পরিদর্শক মো. নাছিম হায়দার প্রথম আলোকে বলেন, টমটম ও ব্যটারিচালিত রিকশা অবৈধভাবে চলছে। এ বিষয়ে সরকারি নির্দেশনা পেলে তাঁরা ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন চাইলে এসব অবৈধ যান চলাচলের বিরুদ্ধে যেকোনো সময় ব্যবস্থা নিতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, নির্দেশনা পাওয়া গেলে সাঁড়াশি অভিযান চালিয়ে অনুমোদনহীন যানবাহন আটক করা হবে। এলাকায় বিদ্যুৎ-সংকটের জন্য এসব যানবাহন কিছুটা দায়ী—পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের এমন দাবির বিষয়ে তিনি বলেন, আবাসিক গ্রাহকদের কেউ বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে থাকলে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

রিকশাচালকদের অভিযোগ, টমটম-অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে বিভিন্ন গ্যারেজ ও বাসাবাড়িতে। গ্যারেজ মালিকেরা ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য দিনে ১০০ টাকা ও টমটমের জন্য ১৫০ টাকা নিয়ে থাকেন। নিয়মানুযায়ী গ্যারেজগুলোতে বাণিজ্যিক মিটার থাকার কথা। কিন্তু অনেক গ্যারেজে আবাসিক মিটার থেকেই ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে।

উপজেলার ইসলামাবাদ এলাকার গ্যারেজ মালিক নুর হোসেন বলেন, তাঁর গ্যারেজে দিনে ছয়টি অটোরিকশা ও দুটি টমটমের চার্জ দেওয়া হয়। এ জন্য মাসে তাঁকে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয় তা বলতে চাননি তিনি।

টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক (এজিএম) শহিদুল ইসলাম বলেন, কিছু বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের মিটারের ধরন আবাসিকের পরিবর্তে বাণিজ্যিক করা হয়েছে।