টেকনাফে ব্রাজিল–সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনার সমর্থক আহত
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় ব্রাজিলের সমর্থক মোহাম্মদ রিদুওয়ানের (১৯) ছুরিকাঘাতে আহত হয়েছে মোহাম্মদ ইকবাল (১৭) নামের একজন আর্জেন্টিনার সমর্থক। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইকবাল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলার হোয়াইক্যং মহেশখালিয়া পাড়ার জোড়া পুকুরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে কোপা আমেরিকা ফাইনাল দেখার জন্য একটি দোকানে বেশকিছু লোকজন জড়ো হন। খেলা শুরুর আগে থেকেই রিদুওয়ান ও ইকবাল খেলার জয়-পরাজয় নিয়ে তর্কে জড়ান। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুওয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করেন।
এ সময় রিদুওয়ানকে ইকবাল সান্ত্বনা দিতে গেলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান। এর একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুওয়ান। এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে প্রথমে হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হ্নীলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, সকালে একজনকে আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে।