টেকনাফে র্যাবের সঙ্গে ‘গোলাগুলি’, এক রোহিঙ্গা নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত একটার দিকে উপজেলার নাফ ট্যুরিজম পার্কসংলগ্ন টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়া বনাঞ্চলে এ ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্য, নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ নুরু মিয়া ওরফে নুরু ডাকাত (৪২)। তিনি শীর্ষ রোহিঙ্গা ডাকাত ও নুরু বাহিনীর প্রধান।
নিহত নুরু মিয়া টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে থাকতেন। তাঁর বাবা মৃত আবুল বশর।
র্যাব জানায়, বুধবার রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১০/১২ জনের একটি দল। খবর পেয়ে র্যাবের একটি টহল দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ১২-১৫ মিনিট র্যাব ও ডাকাতদের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব আরও জানায়, এ ঘটনায় র্যাব সদস্য মাহফুজুল আলম ও মোহাম্মদ ইয়াহিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি দেশীয় একনলা লম্বা বন্দুক, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহত নুরু মিয়ার নামে ডাকাতি, হত্যা, অপহরণ, অস্ত্র ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আটটি মামলা আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন, রাতে র্যাবের সদস্যরা তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে দুজন র্যাবের পোশাকধারী, অপর একজন সাধারণ পোশাকে ছিলেন। সাধারণ পোশাকে থাকা ব্যক্তির বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। র্যাবের আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫–এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, ডাকাত জকির র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হওয়ার পর নুরু মিয়া নিজের নামে ডাকাত বাহিনী গড়ে তোলেন। আগে জকির বাহিনীর সদস্য ছিলেন তিনি। জকির নিহত হওয়ার পর এক রোহিঙ্গা তরুণীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দীর্ঘদিন গা ডাকা দিয়ে ছিলেন নুরু মিয়া। কয়েক মাস আগে আবার এলাকায় আসেন তিনি। নুরু কোমরে সব সময় বিদেশি পিস্তল নিয়ে ঘুরে বেড়াতেন। তাঁর অত্যাচারে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।