টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের ১৪ নম্বর সেতু–সংলগ্ন এলাকায় বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কেফায়েত উল্লাহ ও কোরবান আলী ওরফে আঙ্গুল কাটা শফিক। র‍্যাবের দাবি, নিহত দুজন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত ডাকাত ও মাদক কারবারি। এ ঘটনায় র‍্যাবের দুজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। র‍্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া কর্মকর্তা) মো. আবু সালাম চৌধুরী প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, আজ ভোররাতে র‍্যাবের একটি দল প্রতিদিনের মতো কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে টহল দিচ্ছিল। এ সময় ৮-১০ জনের ডাকাত ও মাদক কারবারিদের একটি দল সেখানে এসে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে চার-পাঁচ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরপর ডাকাত ও মাদক কারবারিদের দলটি পিছু হটে পাহাড়ের গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালায় গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি দেশীয় এলজি ও পাঁচটি এলজির তাজা কার্তুজ, একটি ম্যাগাজিন এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আবু সালাম চৌধুরী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।