টেকনাফে শেষ মুহূর্তে ঈদের বাজার জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ যত ঘনিয়ে আসছে কক্সবাজারের টেকনাফে ঈদের কেনাবেচাও শেষ মুহূর্তে জমে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভার মার্কেট ও বিপণিবিতানগুলোতে থাকছে বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের উপচে পড়া ভিড়।
শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা বড়বাজার, বাসস্টেশনের কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমাগম দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, এবারে নারী ক্রেতারা বেশি কিনছেন অপেরা সিল্ক, জর্জেট, টিস্যুশাড়ি, কাতান, জুট ও জামদানি, টাঙ্গাইলের তাঁতের ও সুতির নকশি শাড়ি। তরুণী ক্রেতাদের আগ্রহ বেশি পাখি, পিউ, হানিবানি, পাংকুরি, রামলীলাসহ ভারতের বিভিন্ন হিন্দি-বাংলা সিরিয়াল ও নায়িকাদের নামে আসা থ্রি-পিস। পুরুষেরা বেশি কিনছেন জিনসের প্যান্ট, টি-শার্ট, গেঞ্জি ও পায়জামা-পাঞ্জাবি।
বিপণিবিতানে পল্লানপাড়া স্কুলের শিক্ষক তাহমিনা খানম বলেন, এবারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। মনে রেখ বস্ত্রালয়ের মালিক মো. রাসেল জানান, বেচাকেনা খুব ভালো। দুই হাজার থেকে ১০ হাজার টাকা দামে নিমজরি ও সুতা-চুমকির টিস্যুশাড়ি, তিন হাজার থেকে ২০ হাজার টাকায় সিল্ক ও জর্জেট শাড়ি, তিন হাজার থেকে ১০ হাজার টাকা মূল্যে থ্রি-পিস এবং ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় লেহেঙ্গা বিক্রি হচ্ছে।
মো. রাসেল আরও জানান, এবার বেশি চলছে লং কামিজ ও ফ্রক স্টাইলের জামা। তার পরও ভারতীয় পোশাকের তুলনায় আমাদের দেশীয় পোশাকের দাম তুলনামূলক কম।
নাফুইন মার্কেটের জনসেবা ও ফ্যাশন হাউসের মালিক রফিকুল করিম বলেন, এখন মার্কেট জমজমাট। যত দিন গড়াচ্ছে বেচাবিক্রি তত বাড়ছে। ক্রেতাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক, জিনসের প্যান্ট, টি-শার্ট, গেঞ্জি ও পায়জামা-পাঞ্জাবি রয়েছে আমাদের সংগ্রহে।
টেকনাফ থানার ওসি মো. মোক্তার হোসেন ও বড়বাজারের ব্যবসায়ী সমিতি সভাপতি আবদুর রাজ্জাক জানান, বিপণিবিতানগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন থাকায় এবার চাঁদাবাজি ও ছিনতাই নেই। ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরে যেতে পারছেন।