সোয়া ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের ৬ জন আটক
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠবোঝাই ট্রলার থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় ওই ট্রলারে থাকা মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া ওই ট্রলার ও তাতে থাকা কিছু গর্জন কাঠ জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে টেকনাফের নাফ নদীর ঝিনাখাল এলাকা থেকে কাঠবোঝাই ট্রলারটি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, জব্দ করা কাঠ ও ট্রলারটি টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। ক্রিস্টাল মেথসহ আটক ছয় মিয়ানমারের নাগরিককে টেকনাফ মডেল থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আকিয়াব অঞ্চলের বাসিন্দা। জব্দ ক্রিস্টাল মেথসহ তাঁদের টেকনাফ মডেল থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস (৫৫), মো. করিম (২০), মো. ইমাম হোসেন (২৭), মো. শাহ আলম (৩০), মো. ফোরকান (২৬) ও মো. আবদুল হাফেজ (৪০)। তাঁরা সবাই মিয়ানমারের আকিয়াব অঞ্চলের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল বিজিবির একটি টহল দল। ওই সময় নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে আড়াআড়িভাবে (পশ্চিম–পূর্ব দিকে) মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহল দল ট্রলারটিকে চ্যালেঞ্জ করে ও থামানোর সংকেত দেয়। ট্রলারটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা চালায় এবং একপর্যায়ে ঝিনাখাল নামক এলাকার চরে আটকে পড়ে। বিজিবি টহল দল স্পিডবোটে ধাওয়া করে ট্রলারটিকে ঘেরাও করে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে থাকা গর্জন কাঠের ভেতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস মাদক জব্দ করা হয়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা গর্জন কাঠসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের ছয় নাগরিককে থানা-পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।