টেকনাফে ১২ হাজার জেলে পরিবারে দুর্দিন

সমুদ্র উত্তাল। মাছ পাওয়া যাচ্ছে না। সৈকতের বালুচরে পড়ে আছে মাছ ধরার অসংখ্য নৌকা। শুক্রবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সর্বদক্ষিণে প্রায় ৪৫ হাজার মানুষের গ্রাম শাহপরীর দ্বীপ। একসময়ের মৎস্যভান্ডারখ্যাত এই দ্বীপে এখন মাছের আকাল। এর মধ্যে ২০ মে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ফলে কীভাবে সংসার চলবে, সেই দুশ্চিন্তায় দ্বীপের জেলেরা।

গত শুক্রবার দুপুরে দ্বীপের পশ্চিম সৈকতে গিয়ে দেখা যায়, কয়েক শ ডিঙিনৌকা বালুচরে নোঙর করে রাখা। নৌকায় বসে মাছ ধরার জাল মেরামত করছেন কয়েকজন জেলে।

আজম উল্লাহ (৪৫) নামের এক জেলে বলেন, ‘রোজার মাসে সাগরে কোনো মাছই ধরা পড়েনি। ঈদের পর থেকে সাগর উত্তাল। এ কারণে মাছ ধরা বন্ধ। ২০ মে শুরু হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা। এ সময় আমরা (জেলেরা) সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পাই না। সংসার চালাব কী করে, ভেবে পাচ্ছি না।’

দ্বীপের পশ্চিত সৈকত থেকে উত্তর দিকে হারিয়াখালী, সাবরাং মুন্ডারডেইল, টেকনাফের মহেশখালিয়াপাড়া, বাহারছড়া, শাপলাপুর, মনখালী সৈকতে পড়ে আছে লাল, সবুজ, হলুদ, কমলা রঙের আরও কয়েক শ ডিঙিনৌকা। সারিবদ্ধ নৌকাগুলোর পাশে দাঁড়িয়ে মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকেরা ছবি তুলছেন।

৮৪ কিলোমিটারের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শেষ প্রান্তে নির্মাণাধীন সাবরাং ট্যুরিজম পার্ক। পার্কের সামনের সৈকতে অসংখ্য ডিঙিনৌকা। উত্তর দিকের আরও এক কিলোমিটার সৈকতে পড়ে আছে কয়েক শ নৌকা।

এমন একটি ডিঙিনৌকার মালিক সাইফুল ইসলাম (৪৫) বলেন, দুই মাস ধরে সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। ব্যাংক ও এনজিও থেকে দাদন নিয়ে নৌকা ও জাল কেনা হয়েছিল। মাছ না পাওয়ায় এই নৌকায় নিয়োগ দেওয়া ছয় জেলের সংসারে টানাপোড়েন দেখা দিয়েছে। দাদনের (ঋণ) কিস্তিও ঠিকমতো শোধ করা যাচ্ছে না।

দেড় মাস ধরে বেকার আছেন মহেশখালিয়াপাড়ার জেলে নবী হোসেন (৪৫)। সংসারে আছেন মা, স্ত্রী ও চার ছেলেমেয়ে। তিনি বলেন, ‘রোজার মাসে তিনবার সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গেলেও মাছ পাওয়া যায়নি। সামনে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা। সংসার চালাব কী দিয়ে, ভেবে পাচ্ছি না। সাগরে মাছ ধরার কাজ ছাড়া অন্য পেশার কাজে অভিজ্ঞতাও নেই।’

জেলেদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি নৌকায় জেলে রয়েছেন পাঁচ থেকে সাতজন। প্রত্যেকের দৈনিক মজুরি ৫০০ থেকে ৭০০ টাকা। দিনের বেলায় নৌকাগুলো উপকূলের দু-তিন কিলোমিটার গভীরে নিয়ে গিয়ে মাছ ধরা হয়। দিনের মাছ দিনেই বিক্রি হয় সৈকতে।

কয়েক দিন ধরে পরিবারের সবাইকে নিয়ে এক বেলা খেয়ে থাকছেন বাহারছড়া সৈকতের একটি নৌকার জেলে আবুল কালাম (৩৫)। তিনি বলেন, পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে সেই কাঠ বাজারে বিক্রি করে টাকা রোজগার করতে হচ্ছে। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে টানাপোড়েনের সংসারে আরও অভাবে পড়তে হবে।

আরেক জেলে নুরুল ইসলাম (৩৭) বলেন, ৮০ শতাংশ জেলে পরিবারে অর্থসংকট চলছে। দোকান থেকে বাকিতে চাল-ডাল কিনতে হচ্ছে। গয়না বিক্রি করে চলছে অনেক পরিবার। এভাবে অমানবিক জীবন কাটালেও জেলে পরিবারের পাশে কেউ নেই।

টেকনাফ ডিঙিনৌকা মালিক সমিতির আওতায় রয়েছে প্রায় দুই হাজার নৌকা। এসব নৌকায় কাজ করেন প্রায় ১২ হাজার জেলে। সমিতির সভাপতি সুলতান আহমদ বলেন, সাগরে মাছ ধরা না পড়ায় ইতিমধ্যে ১০ হাজার জেলে পরিবারে টানাপোড়েন শুরু হয়েছে। অনেকে পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে থাকছেন। অর্থসংকটে পড়ে ৯০ শতাংশ জেলের ঈদও করা হয়নি। ২০ মে শুরু হতে যাওয়া নিষেধাজ্ঞায় জেলেদের অভাবের শেষ থাকবে না।

সুলতান আহমদ আরও বলেন, ‘গভীর সাগরে মাছ ধরার ট্রলারের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উপকূলের কাছাকাছি ছোট মাছ ধরার নৌকার ওপর কেন বর্তাবে, তা বোধগম্য নয়। জেলেদের পরিবারের আর্থিক সংকটের কথা বিবেচনা করে ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৩০ দিনে করার দাবি জানাচ্ছি।’

ডিঙিনৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গণি বলেন, মাছ আহরণ বন্ধ থাকলে সরকারিভাবে বেকার জেলেদের ত্রাণসহায়তা দেওয়া হয়। কিন্তু ডিঙিনৌকার ১২ হাজার জেলে এ সহায়তা থেকে বঞ্চিত।

গত বছর নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত ৪৮ হাজার ৩৯৩ জন জেলে ত্রাণসহায়তা পেয়েছিলেন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান। তিনি বলেন, এবার অতিরিক্ত আরও ১৩ হাজার জেলেকে ত্রাণসহায়তার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে টেকনাফের কয়েক হাজার জেলেকে অন্তর্ভুক্ত করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বঙ্গোপসাগরে ইলিশের প্রজননসহ মৎস্যভান্ডার সমৃদ্ধির লক্ষ্যে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। টেকনাফের জেলেদের জন্য আলাদাভাবে সময়সীমা কমানোর ক্ষমতা মৎস্য বিভাগের নেই। নিষেধাজ্ঞার সময় কোনো ট্রলার যেন সাগরে না নামে, সে জন্য মৎস্য বিভাগের উদ্যোগে উপকূলে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি সাগর উপকূলে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশকে তৎপর রাখা হবে।